
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের সাথে
গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের মতবিনিময়
চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’র প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল আজ ৩ নভেম্বর, মঙ্গলবার, বিকালে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তারা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আকতার সেতু, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পণ দেওয়ান ও রাঙ্গুনিয়া রেঞ্জের রেঞ্জার মেহরাজ উদ্দিনের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ সচেতনামূলক ও উন্নয়ন কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসার দাবি রাখে। তাদের মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে পরিবেশবিরোধী কর্মকাণ্ড ক্রমশ বন্ধ হয়ে একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আকতার সেতু বলেন, রাঙ্গুনিয়া উপজেলা পাহাড়-নদীবেষ্টিত নান্দনিক উপজেলা। এই উপজেলায় পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের নানা অভিযোগ আসে। এসব অভিযোগ নিরসনে প্রশাসন আন্তরিক। কিন্তু প্রশাসনের একার পক্ষে এসব কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব নয়, এক্ষেত্রে গ্রীন চট্টগ্রামের এ্যালায়েন্সের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
রাঙ্গুনিয়া রেঞ্জের রেঞ্জার মেহরাজ উদ্দিন বলেন, বর্তমান বছরে ৫ কোটি চারা রোপণের যে কর্মসূচি গ্রহণ করেছে, এ কর্মসূচি একার পক্ষে সফল করা সম্ভব নয়। এই কর্মসূচি সফল করতে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের মতো পরিবেশ সংগঠনগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।
মতবিনিময়কালে সংগঠনের প্রতিনিধি দলে আরো ছিলেন সংগঠনের রাঙ্গুনিয়া উপজেলা কমিটির সমন্বয়ক পরিবেশকর্মী ও সাংবাদিক নেজাম উদ্দিন, সদস্য আবুল হাশেম, রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য মো. মহিন উদ্দিন।
মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার হাতে সংগঠনের প্রকাশিত স্মারকগ্রন্থ ‘গ্রীন চট্টগ্রাম-গ্রীন বাংলাদেশ’ তুলে দেন।
![]()









