- - -

যারা নৌকার বিপক্ষে ছিল তারা ঠিকই একদিন নৌকায় উঠবেন-স্বপন

Print News

যারা নৌকার বিপক্ষে ছিল তারা ঠিকই একদিন নৌকায় উঠবেন-স্বপন

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিজয়ী হওয়ার পর মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত তার নির্বাচনী এলাকা কালাই উপজেলার বিভিন্ন বাজারে তিনি নেতাকর্মী ও জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উপজেলার মাত্রাই ইউনিয়নে উপস্থিত জনসাধারণ ও নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। পুনরায় এমপি নির্বাচিত হওয়ায় হুইপ স্বপন এলাকায় আসলে নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে লুঙ্গি, গামছা উপহার দেন।
আওয়ামী লীগ মনোনীত টানা তিনবারের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের প্রত্যেকের শরীর থেকে বিন্দু বিন্দু ঘাম ঝড়েছে আমার জন্য। প্রত্যেকেই আমার জন্য ঘরে ঘরে গেছেন এবং ভোট চেয়েছেন। আপনাদের শরীরের এই বিন্দু বিন্দু ঘামের মূল্য আমি আমার গায়ের চামড়া দিয়ে আপনাদের পায়ের জুতা বানিয়ে দিলেও শোধ হবে না। আমি শোধ করতে চাইও না। আমি সারাজীবন আপনাদের কাছে ঋণী থাকতে চাই।
আপনারা মানুষের কাছে গেছেন তাদের সমস্যার কথা শুনেছেন আমার পক্ষ থেকে কথা দিয়েছেন। আপনাদের সম্মানটা রক্ষা করা আমার পবিত্র দায়িত্ব। আপনারা সব সময় মানুষের সাথে থাকেন। আমি কাজের ব্যস্ততার কারণে সেভাবে থাকতে পারি না। কিন্তু আপনারা আমার পক্ষ থেকে থাকেন। যদি মানুষের স্বপ্নগুলো পূরণ করতে না পারি মানুষ আপনাদের কথা শোনাবে। আপনাদের মানুষ বলবে যে কথা দিয়ে রাখেননি। তাই আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের মুখটা উজ্জ্বল করতে পারি। আল্লাহ যেন মানুষের সমস্যাগুলো সমাধানের জন্য আমাকে তৌফিক দান করেন।
তিনি অরো বলেন, আপনারা আমাকে এমপি বানিয়েছেন, ভোটের দিন রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কিন্তু রেজাল্টের পর আমি সকলের এমপি। আপনাদের প্রতি আমার অনুরোধ সবাইকে ভালোবাসা দিবেন। যারা নৌকার ভোট করেছে তাদেরও ভালোবাসা দিবেন, যারা নৌকার ভোট করেনি তাদেরও ভালোবাসা দিবেন। আমাদের ভালোবাসা পেয়ে যারা আমাদের বিপক্ষে ছিল তারা ঠিকই একদিন আমাদের সাথে সমবেত হবেন। মানুষ অনেক সময় ভুল করে কিন্তু ভালোবাসা দিয়ে বুকে টানলে সবাই থাকবে। আমি কালাই, ক্ষেতলাল, আক্কেলপুরের সকল মানুষের খাদেম সবাই আমার মনিব। আমি সবাইকে সন্মান ও ইজ্জত দিয়ে চলতে চাই আপনারাও দয়া করে সবাইকে সম্মান ও ইজ্জত দিয়ে চলবেন। আমরা সবাই মিলে আমাদের এলাকাকে একটি সোনার এলাকায় গড়ে তুলব। মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মিনফুজুর রহমান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনোয়র হোসেন, ফকির এনামুল হকসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa