
যশোর পৌর পার্কে ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করলেন ধানের শীষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত
যশোর সদর ৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত তরুণ-যুবকদের উদ্দেশে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, চাকরির জন্য কাউকে ছাত্রদল কিংবা বিএনপি পরিবারের সদস্য হতে হবে না—প্রথম ও একমাত্র শর্ত হবে মেধা।
সোমবার যশোর শহরের পৌর উদ্যানে তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণরা অংশ নেন এবং দীর্ঘদিনের সংকট, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত প্রত্যাশার কথা তুলে ধরেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘদিন ধরে তরুণদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি সেই রাজনীতি করতে চাই না। নির্বাচিত হলে তরুণদের নিয়ে বসে তাদের সমস্যা ও প্রত্যাশা চিহ্নিত করে একটি অগ্রাধিকার তালিকা তৈরি করে কাজ করবো।
নকল ও চাকরি পরীক্ষার অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারে থাকার সময় লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠেনি। মেধাবীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান ছিল। তিনি বলেন, “মেধা কখনো কোটা থেকে কম হতে পারে না—এই নীতিতেই আমরা চাকরির বাজার উন্মুক্ত করতে চাই।
শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে তিনি বলেন, অতীতে বিএনপির শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাস ও দলীয়করণমুক্ত ছিল। ভবিষ্যতেও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করা হবে। ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ নিপীড়নে জড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
নারীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নারীদের বাইরে রেখে দেশ এগোতে পারে না। বিএনপি নারীদের নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায়।
সীমান্ত সুরক্ষা, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে যশোরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে। পাশাপাশি যশোরের হারানো রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনার অঙ্গীকার করেন।
স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গ করা এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এছাড়া কৃষিভিত্তিক জেলা যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও সবজি সংরক্ষণের জন্য বিশেষায়িত হিমাগার তৈরির প্রতিশ্রুতি দেন।
তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, যশোর আইটি পার্ককে কার্যকরভাবে ব্যবহার করে আইটি খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
![]()









