
বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি শেষ হওয়ার আগে মেয়াদ বাড়ানোসহ প্রয়োজনীয় সংখ্যক পদ সৃজনের উদ্যোগ অব্যাহত রাখার ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে পুনরায় সুপারিশ করেছে জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
আজ ১৩ সেপ্টেম্বর সংসদ ভবনে কমিটির ৪০তম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সংসদ সদস্য মেহের আফরোজ। উপস্থিত ছিলেন- কমিটির সদস্য মো. আব্দুল আজিজ, শবনম জাহান, শাহাদারা মান্নান, আফরোজা হক, লুৎফুন নেসা খান ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।
বৈঠকে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর সংক্রান্ত ও ডিএনএ ল্যাবের বর্তমান কার্যক্রম ও করণীয়, মহিলাবিষয়ক অধিদপ্তর বাস্তবায়নাধীন উপজেলা মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের সর্বশেষ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৮তম বৈঠকের ১০(৪) নম্বর সিদ্ধান্ত মোতাবেক ৩নম্বর সাব-কমিটি কয়েকটি কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও পর্যবেক্ষণ করে রিপোর্ট মূলকমিটিতে উপস্থাপন করা হলে কমিটির পক্ষ হতে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর স্থাপনের জন্য সুবিধাজনক একটি স্থান নির্বাচনে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা টাওয়ার আগামী ১৭ অক্টোবর উদ্বোধনের আগে প্রস্তুতিমূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে কমিটির পক্ষ হতে ধন্যবাদ জানানো হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধানরাসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
![]()









