- - -

মৃত্যুর দুয়ারে নয়, জীবনের প্রার্থনায়—সাংবাদিক আইয়ুব আলীর জন্য আমাদের দোয়া

Print News

মৃত্যুর দুয়ারে নয়, জীবনের প্রার্থনায়—সাংবাদিক আইয়ুব আলীর জন্য আমাদের দোয়া

-মো.কামাল উদ্দিন

সংবাদটি শোনার পর থেকে মনটা অদ্ভুত এক ভারে নুয়ে আছে। সাংবাদিক আইয়ুব আলী—আজ তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা ভালো নয়। কথাগুলো উচ্চারণ করতেও কষ্ট হচ্ছে। যাকে আমরা দৃঢ়চেতা, হাস্যোজ্জ্বল, প্রজ্ঞাবান এক মানুষ হিসেবে দেখেছি বছরের পর বছর—আজ তিনি জীবনসংকটে। এ সংবাদ শুধু একজন সহকর্মীর অসুস্থতার খবর নয়, এটি আমাদের সাংবাদিক সমাজের এক গভীর উদ্বেগের মুহূর্ত।
১৯৯২ সালের দিকে তার সঙ্গে আমার পরিচয়। দীর্ঘ এই পথচলায় তাকে আমি দেখেছি খুব কাছ থেকে। তিনি ছিলেন মেধাবী, চৌকস, নির্লোভ একজন সাদা মনের মানুষ। সাংবাদিকতার কঠিন অঙ্গনে যেখানে নানা স্বার্থ, চাপ ও প্রলোভনের সংঘর্ষ, সেখানে আইয়ুব আলী ছিলেন এক স্বচ্ছ বাতির মতো। তার মধ্যে ছিল না অহংকার, ছিল না প্রদর্শন; ছিল শুধু কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধ। আমার উপস্থাপনায় বাংলা টিভির টকশো “চট্টগ্রাম সংলাপ” অনুষ্ঠানে তিনি তিনবার উপস্থিত হয়েছিলেন। প্রতিবারই তার বিশ্লেষণ ছিল পরিমিত, কথাবার্তা ছিল মার্জিত, দৃষ্টিভঙ্গি ছিল সুস্পষ্ট। ক্যামেরার সামনে যেমন, ক্যামেরার বাইরেও তিনি ছিলেন শতভাগ ভদ্রলোক—সহজ, আন্তরিক এবং সম্মাননপ্রদর্শনে অনন্য।
আজ সেই মানুষটি হাসপাতালের শয্যায়। বয়স তার খুব বেশি নয়। এখনো তার অনেক কিছু দেওয়ার ছিল—সমাজকে, সাংবাদিকতাকে, আমাদের নতুন প্রজন্মকে। আমরা তাকে এভাবে হারাতে চাই না। আমরা চাই না, তার কলম থেমে যাক। আমরা চাই না, তার কণ্ঠ স্তব্ধ হয়ে যাক।
পবিত্র রমজান মাস চলছে—রহমত ও ক্ষমার মাস। এই বরকতময় সময়ে আমি সবার কাছে আন্তরিক অনুরোধ জানাই—আপনারা আইয়ুব আলীর জন্য দোয়া করুন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন, তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আসুন, আমরা তার জন্য হাত তুলি— হে আল্লাহ, তুমি তাকে শিফায়ে কামিলা দান করো। তার পরিবারের ওপর রহমত বর্ষণ করো। আমাদের এই প্রিয় সহকর্মীকে আবার সুস্থ, হাসিমুখে, কর্মচঞ্চল অবস্থায় ফিরে পাওয়ার সৌভাগ্য দাও। আইয়ুব আলী, তুমি লড়াই করো।
আমরা সবাই তোমার পাশে আছি—দোয়ার শক্তি নিয়ে, ভালোবাসার বন্ধন নিয়ে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa