
‘মা-মমতাময়ী’ প্রকাশনার মোড়ক উন্মোচন
১২ মে, রবিবার বিশ্ব মা দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর বন্ধুসভা আয়োজন করেছে ‘মা-মমতাময়ী’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
“মা শাশ্বত চিরন্তন একটি আশ্রয়ের নাম। মা আমাদের প্রথম কথা বলা শেখায়। ‘মা’ শব্দটি মনে করিয়ে দেয় অকৃত্রিম স্নেহ, মমতা ও গভীর ভালোবাসার কথা। শুধু একটি নির্দিষ্ট দিনে নয় মায়েদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রতিটি দিনের, প্রতিটি মুহূর্তের” মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়া।
তিনি আরো বলেন, ‘মা-মমতাময়ী’ প্রকাশনার মাধ্যমে নতুন লেখক ও কবি সৃষ্টি হবে। লেখালেখির প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি পাবে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা।
সকল মায়েদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে ও বন্ধুসভার সদস্যদের প্রয়াত মায়েদের স্মরণে মিরপুর বন্ধুসভা প্রকাশ করেছে “মা-মমতাময়ী” প্রকাশনা।
এই প্রকাশনায় পৃষ্ঠপোষকতা করেছেন আবদুস সোবহান শোভন। উপদেষ্টা হিসেবে ছিলেন অপূর্ব বড়ুয়া, মফিজুল ইসলাম ও রাফিউল ইসলাম। সম্পাদক ছিলেন অরুপ বড়ুয়া এবং সম্পাদনা সহযোগী ছিলেন সাজ্জাদ হোসেন ও যুবাইর বীন আহমদ।
মোড়ক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক আক্তার হোসাইন, বন্ধুসভা জাতীয় পর্ষদের সাবেক সভাপতি সাইদুজ্জামান রওশন, লেখক ও সাংবাদিক আশফাকুজ্জামান। সঙ্গে মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়া, সহ-সভাপতি মফিজুল ইসলাম ও সদস্য মিজানুর রহমান।
বন্ধুসভা জাতীয় পর্ষদের সাবেক সভাপতি সাইদুজ্জামান রওশন প্রকাশনার প্রশংসা করে বলেন, এ ধরনের প্রকাশনার মাধ্যমে যেমন মায়েদের প্রতি বন্ধুদের গভীর শ্রদ্ধাবোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, তেমনি বন্ধুদের লেখালেখি ও সাহিত্যচর্চার প্রতি আগ্রহ তৈরি হবে।
মাকে নিয়ে বন্ধুদের লেখা অনুভূতি গল্প কবিতা নিয়ে এটি প্রকাশিত হয়। মায়েদের প্রতি আবেগ মর্যাদা ও ভালোবাসার বহিঃপ্রকাশে সমৃদ্ধ এই প্রকাশনা।
![]()








