
মনুস্মৃতি নিয়ে মন্তব্যঃ ক্ষমা না চাইলে সনাতন ধর্ম থেকে রাহুলকে বহিস্কারের ঘোষণা !
হিন্দু ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে একাধিকবার ধর্ম সংসদের রোষানলে পড়েছেন রাহুল গান্ধী। এবার ক্ষমা না চাইলে রাহুলকে সনাতন ধর্ম থেকে বহিস্কারের ঘোষণা করার প্রস্তাব দিল ধর্ম সংসদ। জানা গেছে, শস্করাচার্য এই প্রসঙ্গে একটি প্রস্তাব পাস করেছেন। ভারতের প্রাচীন ধর্মের ঐতিহ্যকে অবমাননার অভিযোগে রাহুলের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিচ্ছে ধর্ম সংসদ। সম্প্রতি মনুস্মৃতি নিয়ে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলের নেতা রাহুল বলেছেন, এই বইটি ধর্ষকদের রক্ষা করে। কংগ্রেস সাংসদের এহেন মন্তব্যে বিতর্ক চরম আকার নেয় দেশে। এরপরই ধর্ম সংসদের চেয়ারম্যান স্বামী অভিমুক্তেশ্বরানন্দ মহাকুম্ভ মেলায় দাঁড়িয়ে রাহুলের বিরুদ্ধে সুর চড়ান। তিনি বলেন, “রাহুলের বক্তব্য হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। এক মাসের মধ্যে তিনি ক্ষমা না চাইলে বা এমন মন্তব্যের হেতু না জানালে তাঁকে হিন্দু ধর্ম থেকে বহিস্কার করা হবে।” ইতিমধ্যেই ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ধর্ম সংসদের তরফে রাহুলকে একটি চিঠি পাঠানো হয়েছে।
![]()









