
ভূমিকন্যার জন্য গর্বিত মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু, মার্কিন সেকেন্ড লেডির আসনে প্রথম ভারতীয় উষা ভ্যান্স
প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে আমেরিকার সেকেন্ড লেডি হতে চলেছেন উষা ভ্যান্স। তাঁকে আবেগঘন শুভেচ্ছা জানালেন ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। প্রকাশ, উষার পূর্বপুরুষ অন্ধের বাসিন্দা ছিলেন।সেই প্রসঙ্গ উল্লেখ করেই টিডিপি নেতার বার্তা, তেলুগু ঐতিহ্যের বাহক উষা আমেরিকার সেকেন্ড লেডি হচ্ছেন সেটা অত্যন্ত গর্বের ব্যাপার। সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট ছিলেন জেডি ভ্যান্স। নির্বাচনে জয়লাভ করে আগামী দিনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন তিনি। জেডি ভ্যান্সের সঙ্গেই ইতিহাস গড়ে ফেলেছেন তাঁর স্ত্রী উষা। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে উষা বসতে চলেছেন আমেরিকার সেকেন্ড লেডির আসনে। উল্লেখ্য, এর আগে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার নজির গড়ে ছিলেন কমলা হ্যারিস। নির্বাচনের প্রচারে গিয়ে একাধিকবার স্ত্রী উষার অবদানের কথা স্বীকার করেছেন জেডি ভ্যান্স। উষার পূর্বপুরুষ অন্ধ্রের গোদাবরী টাউনের টানুকুর বাসিন্দা ছিলেন। ৫০ বছর আগে ভারত ছেড়ে তাঁরা পাকাপাকিভাবে আমেরিকায় বসবাস শুরু করেন। ইয়েল ল স্কুলে পড়াশোনা করতে গিয়ে জেডির সঙ্গে উষার আলাপ। ২০১৪ সালে খাঁটি ভারতীয় কায়দায় গাঁটছড়া বাঁধেন তাঁরা। ১০ বছর পরে ভারতীয় বংশোদ্ভূত হিসেবে আমেরিকায় সেকেন্ড লেডি হচ্ছেন উষা ভ্যান্স।
![]()









