- - -

বাগেরহাটে বিনামূল্যে চক্ষু ও নাক-কান-গলা চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৮ শতাধিক রোগী

img 20261113 wa0365
Print News

বাগেরহাটে বিনামূল্যে চক্ষু ও নাক-কান-গলা চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৮ শতাধিক রোগী

 

বাগেরহাটে বিনামূল্যে চক্ষু ও নাক-কান-গলা (ইএনটি) চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে ৮ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) দরগাহ মাঠসংলগ্ন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

লতিফ মাস্টার ফাউন্ডেশন ও বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. এস. এম. জামালুর রহমান, এফআরসিএস ও যুক্তরাষ্ট্রপ্রবাসী ফার্মাকোলজিস্ট এবং ফাইজারের সাবেক নির্বাহী শেখ আবদুল আলীমের সৌজন্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব, লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও বাগেরহাটের কৃতী সন্তান শেখ এম. এ. আউয়াল।

এ সময় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু শাহমা, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর জিহাদ, লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. ওয়ালিউল্লাহ, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধনিবাসের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সরদার নাসির উদ্দিন লনি, বেগ শামীম হাসান, ক্যাম্পের সমন্বয়ক সাংবাদিক রুহুল আমিন বাবু ও সালমান হোসেন।

দিনব্যাপী এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বাছাই করা রোগীদের পরবর্তী সময়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।

আয়োজকরা আরও জানান, এ মানবিক কার্যক্রম বাস্তবায়নে ফাউন্ডেশন দুটির প্রায় ৮০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। অর্থের অভাবে যেন কোনো মানুষ চোখের আলো কিংবা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তারা জানান, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে। পাশাপাশি প্রতি বছর একটি নির্ধারিত দিনে বাগেরহাটে বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মানবিক এ উদ্যোগের মাধ্যমে চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa