
বঙ্গবন্ধু, তুমি জানো না—তোমার দেশ এখন কেমন আছে”
-১৫ই আগস্টের শোকের অশ্রুধারা
-মো.কামাল উদ্দিন
বঙ্গবন্ধু,
আজ ১৫ই আগস্ট—
বাংলার আকাশে আজও সেই কালো সকাল ভাসে,
যেদিন তোমার রক্তে ভিজেছিল স্বাধীনতার মানচিত্র।
আজও মনে হয়—ঢাকার রাস্তায় ভোরের হাওয়া
তোমার শেষ নিশ্বাস বয়ে আনছে
বুকভরা আর্তনাদে।
কিন্তু হায়!
তুমি জানো না—তোমার দেশ এখন আর তোমার নেই।
যে দেশ তুমি গড়েছিলে রক্তে, স্বপ্নে, শপথে—
সে দেশ আজ বন্দী ’৭১-এর পরাজিত শক্তির হাতে।
তোমার অগ্নিকন্যা,
যে শপথ নিয়েছিল তোমার অসমাপ্ত স্বপ্ন পূরণে—
সে আজ নির্বাসিত সীমান্তের ওপারে,
২০২৪-এর সেই সর্বনাশা আগস্টে প্রাণ বাঁচাতে পালিয়েছে,
পেছনে ফেলে এসেছে শ্মশানের নীরবতা।
৩২ নম্বরের সেই ঘর,
যেখানে তোমার হাতে আঁকা হয়েছিল জাতির হৃদস্পন্দন,
তারা পুড়িয়ে দিয়েছে ছাইয়ে,
ভোলডোজারে মুছে দিয়েছে ইতিহাসের নীলনকশা।
গোপালগঞ্জের মাটিতে
আজ সেনা রাইফেলের কালো মুখ—
তোমার নাম উচ্চারণ করলেই তরুণেরা লুটিয়ে পড়ে রক্তে।
স্বাধীনতার বাতাস আজ দমবন্ধ—
কথা বলা অপরাধ, কলম ধরা দেশদ্রোহ।
স্বাধীনতার দিবসে স্বাধীন মানুষ ঘরে বন্দি।
তোমার দল—আওয়ামী লীগ—
আজ নিষিদ্ধ ঘোষিত,
তোমার ভাস্কর্যে ছুঁড়ে মারা হয় কালো কালি,
তোমার ভাষণে ‘জয় বাংলা’ বললে
জবাব আসে লাঠি, গুলি, মামলা।
রাজপথ দখল করেছে চাঁদাবাজি, খুন, ধর্ষণ,
স্বজনপ্রীতির বিষাক্ত নখে বিদ্ধ হয়েছে দেশ।
সত্য বলা মানুষ হারিয়ে যায় রাতের অন্ধকারে—
কেউ ফেরে না, কেউ শোনে না কান্না।
বঙ্গবন্ধু,
তোমার সাজানো সেনাবাহিনী আজ বিভ্রান্ত,
জনতার বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে লোহার মুখ।
তোমার ভালোবাসায় গড়া জনতার বুকে
তারা গুলি ছুঁড়ে—
বিমান বিধ্বস্ত স্কুলে, আগুনে পোড়া মাদ্রাসায়
শিশুর লাশ সারি সারি,
তোমার জাতি আজ শোকে ডুবে যায়।
মানবাধিকার?
তা এখন বুটের তলায়—
শাসনের নামের আড়ালে শ্বাসরুদ্ধ স্বাধীনতা।
বঙ্গবন্ধু,
আজ ১৫ই আগস্ট—
শুধু তোমাকে হারানোর শোক নয়,
এ শোক হলো স্বপ্ন হারানোর শোক,
স্বাধীনতা হারানোর শোক,
এক জাতির আত্মা হারানোর শোক।
![]()









