
ফেনীতে চারজনকে অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার
ফেনীতে চারজনকে অপহরণের চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় আসামি আব্দুল খালেককে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব রংগীখালী লামার পাড়ার মসজিদ মার্কেট এলাকায় তারন্নিম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, ফেনীতে চারজনকে অপহরণের মামলার এজাহারনামীয় আসামি আব্দুল খালেক পূর্ব রংগীখালী এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল খালেক (৩০) টেকনাফ উপজেলার রংগীখালী জুম্মাপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।
গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
![]()









