
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন। ১৪ আগস্ট সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের একটি ছবি প্রকাশের পর থেকেই ফারিণের স্বামীর নাম পরিচয় এমনকি মুখ দেখা না যাওয়া নিয়েও নানা আগ্রহ জেগেছিল ভক্তদের মধ্যে। এবার স্বামীর চেহারাসহ ছবি পোস্টের মাধ্যমে পুরোপুরি তাকে প্রকাশ করেলেন অভিনেত্রী।
জানা গেছে, তাসনিয়া ফারিণের স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত নন। বর্তমানে দেশের বাইরে কর্মরত। ফারিণের কলেজ জীবন থেকে তাদের সম্পর্কের শুরু। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর ১১ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করলেন এই জুটি।
গতকাল সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে স্বামীর উদ্দেশে ফারিণ লিখেছেন, ‘লম্বা সময়, কিন্তু তুমি এখনও আমার হৃদয়কে সেই প্রথমদিনের গতিতেই রেখেছো। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি তোমার মাঝে। আমরা বাইরের কোলাহলমুক্ত আমাদের নিজস্ব অভয়ারণ্য তৈরি করেছি। আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম যখন আমি কলেজে পড়ছি। তখনও আমি ক্যামেরার সামনেও দাঁড়াইনি। তুমি সবসময়ই আমার পাশে ছায়ার মতো ছিলে। আমার কর্ম পরিবেশের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও তুমি সবসময় আমাকে অনুপ্রাণিত করেছ, সমর্থন জুগিয়েছ।’
অভিনেত্রী আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসলেও গতি একই ছিল। যার কারণে আমাদের সম্পর্ক খুবই গোপন ছিল। সত্যি বলতে এটা অনেক সুন্দর ছিল। আমাদের কৈশরের প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেল। ’
![]()









