
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে শুক্রবার (১ মে) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় বিবিরহাট ঈদগাহ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে বিবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। এতে শ্রমিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে বাসস্টেশন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা আব্দুল জব্বার। তিনি বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব। ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের ঐক্যই অধিকার আদায়ের সবচেয়ে বড় শক্তি। দক্ষতা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও শ্রম আইন বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
প্রধান বক্তা ফটিকছড়ি থানা শাখার প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন ইমু বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা আরও জোরদার করতে হবে। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে হলে সংগঠিত আন্দোলনের বিকল্প নেই। শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ে সবাইকে এক প্ল্যাটফর্মে থেকে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাওলানা ইউসুফ বিন সিরাজ।
সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আবু জাফরের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ফোরকানুল আমিন, এরশাদ উল্লাহ, ইব্রাহীম খলিল, লোকমান চৌধুরী, জিয়া উদ্দিন রুবেল, দিদারুল আলম, মাওলানা শামসুল আলম হেলালী, নাজিম উদ্দিন মুন্সি, সেলিম মাহমুদ, বাবর আলী বাবর, রুহুল আমিন, গিয়াস উদ্দিন রুবেল ও জাকির হোসেনসহ অনেকে।
সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিক কল্যাণমূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
![]()









