
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে বগুড়ায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর এবং মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীর কথিত অশালীন মন্তব্যের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশস্থলে নেতাকর্মীরা গাজী সালাউদ্দিন তানভীরের কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন।
সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী সালাউদ্দিন তানভীরের দেওয়া পোস্টের প্রতিবাদ ও নিন্দা জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, তাদের দাবি অনুযায়ী, ছাত্রদল দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে এবং ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, গাজী সালাউদ্দিন তানভীর ও নাসিরুদ্দিন পাটওয়ারীকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে গাজী সালাউদ্দিন তানভীরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভ কর্মসূচিতে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
![]()









