- - -

পিক-আপের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

Print News

চট্টগ্রামের পটিয়ায় পিকআপচাপায় ফাতাহুল বারী তারেক (১৯) নামে এক বাইক আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় পটিয়া-বোয়ালখালী সড়কের কৃষ্ণখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক ধলঘাট ইউনিয়নের নন্দেরখীল গ্রামের আবদুল বারেক সওদাগরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তারেক মোটরসাইকেলে বাড়ি থেকে পটিয়া সদরে ব্যাংকে যাচ্ছিলেন। ধলঘাট ইউনিয়নের কৃষ্ণখালী বাজারের কাছে পৌঁছালে বোয়ালখালীমুখী একটি ইটবাহী পিকআপ তার বাইককে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয়। তারেক বিজিসি ট্রাস্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপটি আটক করে পুলিশে দিয়েছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, শনিবার সকালে কৃষ্ণখালী বাজার এলাকায় একটি পিকআপের চাপায় এক বাইক আরোহী মারা গেছেন। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। পাশাপাশি পিকআপটিও আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa