
পানছড়ির দুর্গম পাড়ায় নতুন স্কুল, সৌরপাম্পে ৪৫ পরিবারের পানির সংকট দূর
খাগড়াছড়ির পানছড়ির দুর্গম প্রফুল্ল কার্বারী পাড়ায় জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ ও স্থানীয়দের সুপেয় পানির সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় পুনর্নির্মাণ করা প্রফুল্ল কার্বারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৌরচালিত পানির পাম্প আনুষ্ঠানিকভাবে স্থানীয়দের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল ও ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল হাশেমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান চলছিল। সেনাবাহিনীর উদ্যোগে নতুন ভবন নির্মাণ হওয়ায় শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পড়াশোনার সুযোগ পেয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব চাকমা বলেন, “জরাজীর্ণ ভবন নিয়ে সবসময় উদ্বেগে থাকতাম। নতুন ভবন হওয়ায় শিক্ষার্থীরা এখন নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারছে।”
এদিকে, সৌরচালিত পাম্পের মাধ্যমে পাইপলাইনে পানি সরবরাহের পাশাপাশি স্থাপন করা হয়েছে পানির ট্যাংক। এতে প্রফুল্লপাড়ার দুটি এলাকার প্রায় ৪৫টি পরিবার সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য শান্তি জীবন ত্রিপুরা বলেন, “পানির জন্য আমাদের মা-বোনদের অনেক দূর হাঁটতে হতো। সৌরপাম্প চালুর পর সেই কষ্ট অনেকটাই দূর হয়েছে।”
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পানি ও যোগাযোগসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর উদ্যোগ অব্যাহত থাকবে।
![]()









