
পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় ৭ বছরের নাবালিকাকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ
দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া, ৭ বছরের একটি নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক। ঘটনাস্থল ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার জয়পুর থানা এলাকা। পুলিশ সূত্রে খবর, আইসক্রিম খাওয়ানোর নাম করে মেয়েটিকে নিয়ে গ্রামের অদূরে একটি পরিত্যক্ত বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত। সেখানে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে তার পরিবারের তরফে অভিযোগ। সোমবার (২৫ মে) নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ জমা পড়ে থানায়। তারপরেই গ্রেফতার হন অভিযুক্ত। মঙ্গলবার (২৬ মে) বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করায় জয়পুর থানার পুলিশ। পাশাপাশি আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার আবেদন জানানো হয়েছে। পরিবার সূত্রে প্রকাশ, ঘটনাটি সংগঠিত হয় রবিবার (২৪ মে)। সেদিন দুপুরে গ্রামের আটচালায় কীর্তন শুনতে গিয়েছিল মেয়েটি। সেখানে মেয়েটির সঙ্গে দেখা হয় প্রতিবেশী এক যুবকের। আইসক্রিম কিনে দেবে বলে মেয়েটিকে তিনি নিজের বাইকে ওঠান। কিন্তু আইসক্রিম দোকানে না গিয়ে ওই যুবক নাবালিকাকে নিয়ে যায় গ্রামের অদূরে একটি পরিত্যক্ত বাড়িতে। অভিযোগ, ধর্ষণের পর মেয়েটিকে তার বাড়ির সামনে ছেড়ে দিয়ে চলে যান যুবক। আর আগে মেয়েটিকে তিনি হুমকি দিয়ে যান, কাউকে এনিয়ে কিছু বললে তার ক্ষতি হয়ে যাবে। মেয়েটি ও বাড়িতে ফিরে কাউকে কিছু বলেনি। কিন্তু সোমবার (২৫ মে) অসহ্য যন্ত্রনায় কাতর হয়ে পড়ে নাবালিকা। তখন সে বাবা- মাকে পুরো ঘটনার কথা জানায়। তারপর পরিবারের তরফে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এখন ওই নাবালিকা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
![]()









