
পটিয়ার হাবিলাসদ্বীপ : যেন চোরদের অভয়ারণ্য
চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপে সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। প্রায় প্রতিদিনই ঘটছে অপরাধমূলক নানা কর্মকাণ্ড। মন্দির, বসত বাড়িতে চুরি, গরু চুরি, পুকুর থেকে মাছ চুরির হিড়িক পড়েছে । এছাড়া অবাধে মাদক বেচা কেনা, জায়গা দখল বেদখলের মতোও কর্মকাণ্ড চলছে। গত একমাসে এরকম অনেক অপরাধ মূলক ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই বিশেষ করে সন্ধ্যা ঘনিয়ে রাত হলেই বেপোয়ারা হয়ে উঠে চোরেরা। পূর্ব হাবিলাসদ্বীপ থেকে মধ্যম হাবিলাসদ্বীপ হয়ে পশ্চিম হাবিলাসদ্বীপ পর্যন্ত এলাকা যেন চোরদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। হাবিলাসদ্বীপের বিভিন্ন মন্দির, বসত বাড়িতে চুরি, গরু চুরি, মাছ চুরির মত ঘটনা মানুষকে দিন দিন আতঙ্কিত করছে। গত এক মাসে পূর্ব হাবিলাসদ্বীপ ঠাকুর পুকুর পাড় শ্রী শ্রী মগদেশ্বরী মন্দির, কাত্যায়নী সংঘ শ্যামা মাতৃ মন্দির, বাবুল সেন, কাঞ্চন মজুমদার, দীপক নন্দী, ফরেস্টের বাড়িসহ ১২টা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের বিগ্রহের অলংকার, পূজার নিত্য প্রয়োজনীয় তামা, পিতলের উপকরণ, দান বাক্স ভেঙে ভক্তদের প্রদত্ত টাকা, বসতবাড়ি থেকে মূল্যবান জিনিস পত্র এবং খামার, গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে গেছে । এছাড়া অবাধে মাদক বেচাকেনা, জায়গা দখল বেদখল, কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করে দেয়া হচ্ছে। স্হানীয়দের অভিযোগ, এই ঘটনা সমূহ পটিয়া থানা ও কালারপুল পুলিশ ফাঁড়িকে অভিহিত করলেও তাদের ভূমিকা দৃশ্যমান নয় । পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। অপরাধীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব ।
![]()









