
নোয়াখালীতে পৌর মেয়র প্রাথমিক বৃত্তি পেল ৪৩৭ শিক্ষার্থী
নোয়াখালীতে পৌর মেয়র প্রাথমিক বৃত্তি পেল ৪৩৭ শিক্ষার্থী
নোয়াখালী পৌর মেয়র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪৩৭ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে উত্তির্ণ শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদ, ক্রেস্ট প্রদান করা হয়েছে।
দুপুরে নোয়াখালী পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রতিটি শিক্ষার্থীদের হাতে এ পুরষ্কার তুলে দেওয়া হয়। এ বৃত্তি পরীক্ষায় নোয়াখালী পৌর এলাকার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
নোয়াখালী পৌরসভার মেয়র মো. সহিদ উল্যাহ্ খান সোহেলের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান খান। এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, শিক্ষার্থীদের অভিভাবক ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মেয়র সহিদ উল্যাহ্ খান সোহেল বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণি পর্যন্ত পৌর মেয়র বৃত্তি প্রদান করা হচ্ছে। প্রতি বছর বৃত্তিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো হচ্ছে। আগামিতে এ বৃত্তির ধারা অব্যহত রাখা হবে।
এক অভিভাবক জানান, আমরা মনে করি বৃত্তি পরীক্ষা গুলো নিয়মিত চালু থাকলে আমাদের শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনায় প্রতিযোগি হয়ে উঠবে। যদিও গত কয়েক বছরে বেসরকারি বৃত্তি পরীক্ষা অনেকটা কমে গেছে। তাই আমরা চাই সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে এ বৃত্তি কার্যক্রম চালু থাকবে।
![]()









