- - -

নওগাঁয় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাই

Print News

নওগাঁয় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাই

 

নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় ফ্ল্যাট সংক্রান্ত বিরোধের জেরে এক বাসিন্দাকে মারধরের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। হামলাকারীরা ওই সাংবাদিককে মারধরের পাশাপাশি তাঁর মোবাইল ফোন ও নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের উকিলপাড়া এলাকার ‘বন্ধন সোসাইটি’ নামের একটি ভবনে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় মারধরের শিকার সাংবাদিক ও ওই ভবনের বাসিন্দা বাদী হয়ে নওগাঁ সদর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হামলার শিকার ব্যক্তিরা হলেন— নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক এবং বাংলাভিশন ও দৈনিক মানবকণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন (৫৪) এবং বন্ধন সোসাইটি ভবনের বাসিন্দা শরিয়তুল্লাহ (৩১)।
ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উকিলপাড়া এলাকার বন্ধন সোসাইটি ভবনের একটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে বাসিন্দা শরিয়তুল্লাহর সঙ্গে শহরের পোস্ট অফিসপাড়া এলাকার আব্দুল মান্নানের (৫২) বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে আব্দুল মান্নান ও জীবন (৪৮) নামের দুই ব্যক্তি অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে শরিয়তুল্লাহর ফ্ল্যাটে অনধিকার প্রবেশ করেন। সেখানে শরিয়তুল্লাহকে মারধর ও ফ্ল্যাটের জিনিসপত্র ভাঙচুর করা হয়।
খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য ওই ভবনে যান সাংবাদিক বেলায়েত হোসেন। সেখানে গিয়ে ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করলে আব্দুল মান্নান ও জীবনসহ তাঁদের সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর চড়াও হন। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করে তাঁর ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং পকেটে থাকা নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল মান্নানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘শহরের উকিলপাড়া এলাকার একটি ভবনের অংশীদারদের অভ্যন্তরীণ বিরোধের জেরে মারামারির ঘটনায় থানায় উভয় পক্ষই অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa