- - -

তালায় অতি বৃষ্টিতে ডুবছে ফসল-ঘের, প্রতি বর্ষায় একই দুর্ভোগে নিঃস্ব হাজারো কৃষক

Print News

তালায় অতি বৃষ্টিতে ডুবছে ফসল-ঘের, প্রতি বর্ষায় একই দুর্ভোগে নিঃস্ব হাজারো কৃষক

প্রচণ্ড বৃষ্টির তোড়ে আবারও ডুবেছে তালা উপজেলার বিস্তীর্ণ জনপদ। খেশরা, তেঁতুলিয়া, ইসলামকাটি, তালা সদরসহ কয়েকটি ইউনিয়নের শত শত বিঘা জমির পাট, ধানের বীজতলা ও বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে গেছে। কর্মহীন হয়ে পড়েছে হাজারো দিনমজুর ও কৃষিশ্রমিক।
শুধু এই বছর নয়Ñ প্রতি বর্ষায় এমন করুণ দৃশ্য যেন এই অঞ্চলের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। অথচ জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি কোনো পদক্ষেপ নেই। ফলে মানুষ বাঁচে প্রতীক্ষায়, বৃষ্টির ঋতু এলেই বাঁচে আতঙ্কে।
উপজেলার শিরাশুনি, লাউতাড়া, সুভাষিনী, মদনপুর, শুকদেবপুর, দেওয়ানীপাড়া, নওয়াপাড়া, সুজনশাহা, হিজলডাঙ্গা, আঠন্ডা, বাউশলা—এই সব গ্রামজুড়ে এখন শুধু পানি আর পানি। কোথাও ঘরবাড়ি, উঠান, কোথাও ধানী জমিÑ সবই পানির নিচে।
শিরাশুনির মিজানুর রহমান, জিয়াউর রহমান, কুদ্দুস শেখরা বলেন, “গত বছরও আমাদের ফসল পানিতে তলিয়ে গিয়েছিল। ধান চাষ করতে পারিনি। ৬ মাস পানি আর কর্মহীনতায় দিন কেটেছে। কেউ পাশে এসে দাঁড়ায়নি।”
তারা বলেন, “বৃষ্টি হলে সবাই ছবি তোলে, প্রতিশ্রুতি দেয়। পানি সরে গেলে আমরা আবার একা হয়ে যাই।”
তেঁতুলিয়া ইউনিয়নের জনপ্রতিনিধিরা বলছেন, মূল সমস্যা হলো অপরিকল্পিতভাবে তৈরি হওয়া ছোট ছোট মাছের ঘের। ঘের মালিকরা রাস্তার কালভার্টের মুখে বালুর বস্তা ও লোহার গ্রিল বসিয়ে পানি চলাচলের পথ রুদ্ধ করে রাখছে। ফলে পানি আটকে গিয়ে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা।
স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, “শুধু শিরাশুনি, হিজলডাঙ্গা, লাউতাড়ার কালভার্টগুলোর মুখ খুললেই পানি নেমে যেত। অথচ বারবার বলা হলেও কার্যকর কিছু হয় না।”
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, “যোগদানের পর থেকেই জলাবদ্ধতা নিরসনে কাজ করছি। গতকালও ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে নিয়ে খালের মুখ থেকে নেট পাটা সরানো হয়েছে।” তিনি বলেন, “সবার সহযোগিতা পেলে এই সমস্যা লাঘব করা সম্ভব।”
এদিকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জানায়, তারা কৃষকদের জন্য বিনামূল্যে ধান বীজ বিতরণ, খাল পরিস্কার ও সচেতনতা কার্যক্রম চালিয়েছে। সংগঠনের সভাপতি বলেন, “পানি উন্নয়ন বোর্ড শুধু পরিকল্পনায় আটকে আছে, বাস্তবায়ন করে না।”
তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এমএম আবুল কালাম আজাদ বলেন, “এই এলাকার পানি ভদ্রা নদী দিয়ে নিষ্কাশনের কথা থাকলেও নরনিয়া খালের মুখ পলি পড়ে বন্ধ হয়ে আছে। নদীর তলদেশও উঁচু হয়ে গেছে। ফলে বর্ষার পানি এখানে জমে থাকছে।” তিনি আরও বলেন, “ভদ্রা নদী ও নরনিয়া খাল খনন ছাড়া কোনো স্থায়ী সমাধান নেই।”
তালা অঞ্চলের মানুষের কাছে বর্ষা মানেই দুর্ভোগ, নিঃস্বতা ও প্রতীক্ষা। এই সংকট থেকে উত্তরণের জন্য সরকারের উচ্চমহলের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। এখনই পদক্ষেপ না নিলে আগামী বছর এই মানুষগুলোর আর চাষাবাদে ফেরা হবে নাÑ জীবনও হয়ে পড়বে আরও অনিশ্চিত।

Loading

Facebook
Twitter
LinkedIn