
তামিলনাড়ুতে নির্মীয়মাণ চার্চ ধসে মৃত ২
ভারতের তামিলনাড়ুতে ভেঙে পড়ল নির্মীয়মাণ চার্চ। তামিলনাড়ুর ভেলোর জেলার কাটপাদি এলাকায় ওই নির্মীয়মাণ গির্জার ছাদ ধসে মৃত্যু হয়েছে অন্তত ২ জনের। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় এই ঘটনায় আটকে পড়েছিলেন কর্মীরা। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে ১২ জনকে। ওই ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে আছেন কি তা দেখতে চলছে উদ্ধার কাজ। এই উদ্ধার কাজের জন্য লাগানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ও। ভেলোরের জেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে খবর, কাটপাদির কাছে মান্ডি কৃষ্ণপুরম এলাকায় ওই গির্জা তৈরির কাজ চলছিল। ওই গির্জার ছাদের জন্য কংক্রিট ঢালাইয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। নির্মাণাধীন কাঠামোটি হঠাৎ ধসে পড়ার সময় সেখানে ১৪ জনের ও বেশি শ্রমিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ধসে যাওয়ার কারণে বেশ কয়েকজন কংক্রিট ও ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েন। আধিকারিকরা জানিয়েছেন, সেখান থেকে ১২ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর মধ্যে ৪ জনকে নিয়ে যাওয়া হয় ভেলোর সরকারি হাসপাতালে। ৩ জনকে সিএমসি হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ১ জনের। এছাড়াও ওই ধ্বংসস্তূপ সরিয়ে ১ জনের দেহ উদ্ধার করা হয়। ওই ধ্বংসস্তূপের নীচে আরও একাধিক ব্যক্তি আটকে থাকতে পারেন বলে আশংকা করছেন ভেলোরের জেলাশাসক লীলা অ্যালেক্স। সেখানে উদ্ধার কাজের জন্য ডাকা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বলেও জানিয়েছেন তিনি।
![]()









