
ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেনে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করণে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের ন্যায্যমূল্য ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন করা হয়েছে।
আজ রোববার ( ৪ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার ভূমিমালিক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা নোয়াপাড়া এলাকায় এ মানববন্ধন করে।
ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন- মাসুম বিল্লাহ, হাজী শফিকুল ইসলাম, শাওন মিয়া, হুমায়ুন আহমেদসহ আরো অনেকেই।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নিজেদের ভোগদখলে থাকা জমি অধিগ্রহণের ফলে অনেক পরিবার তাদের বসতভিটা, কৃষিজমি ও ব্যবসা প্রতিষ্ঠান হারানোর ঝুঁকিতে রয়েছেন। তাই ভূমির প্রকৃত বাজারমূল্য বিবেচনা করে ন্যায্য ক্ষতিপূরণ নির্ধারণ এবং দ্রুত তা পরিশোধের দাবি জানান। ন্যায্য অধিকার ও সম্পদের যথাযথ মূল্য নিশ্চিত করেই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া উচিত। অন্যথায় অনেক পরিবার আর্থিক ও সামাজিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হতে পারে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া পর্যালোচনা করে প্রকৃত বাজারমূল্যের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং স্বচ্ছতার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করারও দাবি জানানো হয়।
![]()









