
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য
সাংবাদিক রফিক ভুঁইয়া আর নেই
জাতীয় দৈনিক আমাদের বাংলা পত্রিকার প্রধান সম্পাদক, অবিভক্ত বিএফইউজে ও সিইউজ এর সাবেক নেতা প্রবীন সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
গতকাল ২৮ অক্টোবর ২০২৩, শনিবার দুপুরের দিকে ঢাকার মাদারটেকের বাসা থেকে রিক্সাযোগে জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার সময় সেগুন বাগিচা এলাকার জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছলে পুলিশের টিয়ারগ্যাসের কবলে পড়ে রিক্সা উল্টে ছিটকে পড়েন তিনি। পরে বারডেম হাসপাতালে নিলে ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে আজ রবিবার, ২৯ অক্টোবর দুপুরে তিনি বারডেম হাসপাতালে মারা যান।
সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতাও লিখতেন। তাঁর বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মাঝে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল মোহ দ্রোহের সোনালী সকাল, প্রেম পিরিতি।
সাংবাদিক রফিক ভূঁইয়ার জন্ম ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলায় ১৯৫১ সালে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে সংবাদপত্র এক গুণি সাংবাদিককে হারালো।
রফিক ভূঁইয়ার সাংবাদিকতা শুরু করেন চট্টগ্রামে। তিনি দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি ছিলেন। এরপর ঢাকায় গিয়ে বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন। নিজেও একাধিক সংবাদপত্র প্রকাশ করেন। দীর্ঘদিন কানাডায় থাকাকালে সেখানেও সংবাদপত্রে যুক্ত ছিলেন। মন্ট্রিয়লের বাংলাবার্তা পত্রিকার সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি জাতীয় দৈনিক আমাদের বাংলা পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রামে থাকাকালে রফিক ভূঁইয়া ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। বিএফইউজের প্রথম কমিটিতে ছিলেন নির্বাহী সদস্য। চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটির প্রথম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি ডিইউজে ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
রফিক ভূঁইয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর লাশ সমরিতা হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত দুই ছেলে দেশের পথে রয়েছেন। তাঁর পরিবার জানান প্রথম জানাজা জাতীয় প্রেস ক্লাবে, পরে মাদারদেকে সবশেষে কুমিল্লায় গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে।
![]()









