
জনস্বার্থ, স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতি ও জননিরাপত্তার প্রশ্ন তুলে জেলা প্রশাসককে আইনজীবীর চিঠি
চট্টগ্রাম নগরের বন্দর এলাকার রিপাবলিক ক্লাব প্রাঙ্গণে প্রস্তাবিত মেলা আয়োজন নিয়ে আপত্তি উঠেছে। মেলার আইনগত বৈধতা, স্থানীয় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি, জননিরাপত্তা ও জনদুর্ভোগের আশঙ্কা তুলে ধরে মেলা আয়োজন বন্ধ বা স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন আইনজীবী তাসমিনা আলম চৌধুরী।
২ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো ওই আবেদনে আইনজীবী উল্লেখ করেন, রিপাবলিক ক্লাবের প্রাঙ্গণ ব্যবহার করে মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি অনুমোদনপত্র দেওয়া হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন।
আবেদনে বলা হয়, জনসমাগমপূর্ণ মেলা আয়োজনের ক্ষেত্রে শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনুমোদন যথেষ্ট নয়। এ ধরনের আয়োজনের জন্য প্রচলিত আইন, বিধিবিধান এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ও আইনগত বৈধতা নিশ্চিত করা জরুরি।
আইনজীবীর আশঙ্কা, প্রস্তাবিত মেলার কারণে সংশ্লিষ্ট এলাকায় যানজট, জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন, শব্দদূষণ, পরিবেশগত সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার জটিলতা, অগ্নিনিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
এ ছাড়া মেলার অস্থায়ী দোকান ও বাণিজ্যিক কার্যক্রমের কারণে এলাকার দীর্ঘদিনের স্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং দোকানমালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে পরিচালিত স্থানীয় ব্যবসায়ীদের বিনিয়োগ, জীবিকা ও ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আবেদনে জেলা প্রশাসকের কাছে সাত দফা দাবি তুলে ধরা হয়েছে।
প্রথমত মেলা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন, ছাড়পত্র ও আইনগত বৈধতা যাচাই করার দাবী জানান।
এছাড়া স্থানীয় স্থায়ী ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং দোকানমালিকদের সম্ভাব্য আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনা করার কথাও উল্লেখ করেন আবেদনে।
মেলার স্থান, জনসমাগম নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা, পরিবেশগত প্রভাব, যানবাহন চলাচল ও জননিরাপত্তা বিষয়ে সরেজমিন তদন্তের ব্যবস্থা করার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের ন্যায্য ব্যবসায়িক পরিবেশ ও জনসাধারণের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান আইনজীবী।
প্রয়োজনীয় আইনগত অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত মেলা আয়োজনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া ও তদন্তে কোনো আইনগত অনিয়ম, অনুমোদনের ঘাটতি কিংবা জনস্বার্থবিরোধী পরিস্থিতি পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী মেলা বন্ধ বা বাতিলের ব্যবস্থা নেওয়ার দাবীও জানানো হয় আবেদনে।
স্থানীয় জনগণের মতামত, ব্যবসায়ীদের অর্থনৈতিক স্বার্থ, নাগরিক অধিকার ও সার্বিক জননিরাপত্তাকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ নিষ্পত্তি নিশ্চিত করার জোর দাবী জানান আইনজীবী তাসমিনা আলম।
আইনজীবী আবেদনে দ্রুত প্রয়োজনীয় তদন্ত করে সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনগণ ও স্থানীয় ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়েছেন।
![]()









