
জগন্নাথক্ষেত্র ও রথ যাত্রা
সুমনপাল ভিক্ষু
জগন্নাথ ক্ষেত্রের গুরুত্ব যে অপরীসীম তাতে কোন সন্দেহ নেই। এই জগন্নাথ ক্ষেত্রকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। যেমন নীলাচল, পুরী, শঙ্খক্ষেত্র, শ্রীক্ষেত্র।
নীলাচল ঃ নীল এবং অচল দুই শব্দের সন্ধির মিলনেই নাম হয়েছে নীলাচল। নীল বলতে নীলবর্ণ এবং অচল বলতে যাকে চলাচল করতে পারে না। অটল বা পর্বত। নীলাচল অর্থে নীল পর্বত। নীলগিরি নামক পাবর্ত্যভূমির প্রত্যন্ত প্রদেশে অবস্থিত বলে এবং বিশেষভাবে এই পর্বতশীর্ষে একটি প্রকান্ত মন্দিরে স্বয়ং শ্রী শ্রী জগন্নাথদেব সগৌরবে বিরাজমান বলে এই স্থানটির নাম নীলাচল। নীলাচলকে নীলাদ্রিও বলা হয়ে থাকে।
পুরী : পুরী বলতে ভবন, গৃহ, নগরী প্রভৃতি শব্দে আখ্যায়িত করা যায়। আর পুরীতে যিনি থাকেন তাঁকে পুরুষ বলা হয়। শাস্ত্রীয় মতে শ্রীশ্রী জগন্নাথদেব যে স্থানে বিশেষ ভাবে অবস্থান করেন সে স্থানকে পুরী বলা হয়। এই বিশেষ কারণে নীলাচলের যতগুলির নাম আছে পুরী একটি সমধিক প্রচলিত নাম।
শঙ্খক্ষেত্র ও উড়িষ্যা রাজ্য বিষ্ণুর শঙ্খ, চক্র, গদা ও পদ্ম এই চারটি অস্ত্রের নামানুসারে বিভক্ত হয়েছে। পুরী হল শঙ্খক্ষেত্র, ভুবনেশ্বর চক্রক্ষেত্র, যাজপুর গদাক্ষেত্র, কোণাক পদ্মক্ষেত্র। এই চার ক্ষেত্রের এরূপ নামকরণের কারণ হল শঙ্খের মত ভৌগোলিক আকৃতি বিশিষ্ট বলে নীলাচল শঙ্খক্ষেত্র নামে খ্যাত। এই শঙ্খক্ষেত্রের পশ্চিম প্রান্তের যেখানে শ্রীশ্রী জগন্নাথদেবের শ্রী মন্দির স্বমহিমায় বিরাজমান।
শ্রীক্ষেত্র ঃ শ্রী এবং ক্ষেত্র এই দুইটি শব্দের সমন্বয়ে শ্রীক্ষেত্র নামটি নিষ্পন্ন হয়েছে। শ্রী শব্দের অর্থ সুন্দর বা অন্য অর্থে সর্বোত্তম এবং ক্ষেত্র বলতে জায়গা বা স্থান। এই জগতে যতগুলি নাম বিদ্যমান তারমধ্যে নীলাচল ধামের মত সুন্দর বা সর্বোত্তম ধাম অন্য কোথাও নেই বলে এই স্থানকে শ্রীক্ষেত্র বলা হয়।
জগন্নাথ মন্দির
মাদলাপঞ্জী মতে বর্তমান মন্দিরের নির্মাতা হচ্ছেন গঙ্গবংশের দ্বিতীয় রাজ্য গঙ্গেশ্বর। মাদলাপঞ্জীর সাল শতাব্দী যথাযথ নয়। মালনাপঞ্জী মতে ঃ কেশরী বংশের শেষ রাজা সুবর্ণকেশীর নিঃসন্তান অবস্থায় মৃত্যুর পর চোড়গঙ্গা দক্ষিণ দেশ হতে এসে গঙ্গবংশের প্রতিষ্ঠা করেন। তাঁর রাজত্বকাল ১১৩২-১১৫২ খৃঃ। ঐ বংশের ২য় নৃপতি (১১৫২-১১৬৬) গঙ্গেশ্বর কোনও পাপের প্রায়শ্চিত স্বরূপ পিপলি ও খুর্দা রোডের মধ্যবর্তী কৌশলগঙ্গা নামে একটি খাল খনন করেন। এবং জগন্নাথের মন্দির পুর্ননির্মাণ করেন।
ঐতিহাসিকদের মতে চোড়গঙ্গ এবং গঙ্গেশ্বর অভিন্ন ব্যক্তি। তাঁর সিংহাসন আরোহনের কাল ১১১৮ খৃঃ। পুরীর মন্দির হলে পূর্বযুগ থেকে অবস্থিত একটি ভগ্নপ্রায় দেউল তিনি আদ্যন্ত নূতন করে নির্মাণ করান। এ গঙ্গেশ্বর ওরফে অনঙ্গবর্মন ছিলেন চোড়গঙ্গদের ছিলেন দক্ষিণাঞ্চলের তেলেগু ভাষী রাজ্যের এক ভাগ্যান্বেষী মহাযোদ্ধা। তিনি নির্ভীক রণকুশল ও বিচক্ষণ শাসক। তিনিও মন্দিরের কাজ সমাপ্ত করতে পারেন নি। দ্বিতীয় নৃপতি অনঙ্গভীমদেবের ১১৯০-১৯৯৬ খৃঃ সময়ে অসমাপ্ত কাজ কিছুটা অগ্রসর হয়। কিন্তু মন্দির সম্পূর্ণ করতে পারেননি। চোড়গঞ্জের প্রপৌত্র তৃতীয় অনঙ্গভীমদেবের আমলে ১২১১-১২৩৮ খৃঃ সম্পূর্ণ হয় মন্দিরের কাজ। বর্তমানে পুরীর মন্দির তিনজন রাজার অর্থানুকূল্যে স্বাদশ শতাব্দী মাঝামাঝি সময় থেকে তৃতীয় শতাব্দীর প্রথমার্ধে সমাপ্ত হয়।
ওড়িয়া ভাষায় প্রাচীনতম শিলালিপি কোর্ণাক মন্দিরের নির্মাতা লাঙ্গুলীয় নরসিংহদেবের পরবর্তী নৃপতি রাজা তানুদেবের ১২৬৩-১২৬৯ খৃঃ রাজত্বকালে। সেটি সীমাচলমে নৃসিংহদেবের মন্দিরে অবস্থিত। গঙ্গবংশের যেই দুটি শিলালিপি ইতিহাস বেত্তাদের প্রচুর পরিমাণে উৎস যুগিয়েছে সে দুটি ভুবনেশ্বরে অবস্থিত চতুর্থ নরসিংহদেবের এবং পুরীতে অবস্থিত তৃতীয় অনঙ্গভীমদেবের।
মালদাপঞ্জীর মতে কথোপকথন হয়েছিল রাজা তৃতীয় অনঙ্গভীমদের ১২১২-১২৩৮ খৃঃ এবং তার সভাসদদের মধ্যে। এই বিবরণ সম্বন্ধে আচার্য্য সুনীতিকুমার চ্যাটার্জী বলেছেন- Although such comparisons have no meanig. One cannot help thinking of great speech of pericles of athens during the early stages of the pelojponnesian war which has been recorded by the Greek historian Thercydides.
আচার্য সুনীত কুমার ও অন্যান্য পণ্ডিত মণ্ডলীদের ধারণা যে, যদিও মাদলাপঞ্জীতে এ শাসন বা ভাষণ ৩য় অনঙ্গভীমদেবের প্রতি আরোপ করা হয়েছে। । তু বাস্তবে হয়ত এ ভাষণ গঙ্গবংশের প্রতিষ্ঠাতা স্বয়ং চোড়ঙ্গদেবেরই দীর্ঘ ভাষণের অংশবিশেষ বাঙলা হরফে মূলরূপে এবং তার বঙ্গানুবাদ কিছুটা এখানে উদ্ধৃত করা হল।
*রাজ ভোগ ইতিহাস
‘ভো ভবিষ্য মহারাজ- মানে,
“দেবতা ব্রাহ্মণন-কু, বল ভন্ডার-কু, রাজনীতি ছায়া-কু মধ্যকরি মু যেমত প্রকারে ভিয়ান করি দেউ অছি। এ থিকি তুমে মানে ন পুনি বোল- সে দই গল, আম- হর কি হইলো, আমূহে কিম্পা দবু:- এ মতন বলিব।
“এতি ওড়িশা- রাজ্য, যে কেশরি – রাজা মানংকু আদি বারি গঙ্গাবংশে আর চপাট সরিকি রাজ্য আয়ে হৈ থিলা, পূর্ব দিগে অর্ক ক্ষেত্র…….
অর্থাৎ হে ভবিষ্যৎ রাজন্যবর্গ, দেবতা ব্রাহ্মণ সমর বিভাগ রাজকোষ, প্রভৃতির ভিতর যে ভাবে আমি রাজ্যের সম্পদ ও আয় বন্টন করে দিয়ে গেলাম সে সম্বন্ধে তোমরা যে এভাবে কথা বলনা- তিনি দিয়ে গিয়েছেন, তাতে আমাদের কি? আমরাও কেন (ঐভাবে) দিতে থাকব? এভাবে তোমরা বলনা। এই তিন উড়িষ্যা রাজ্য যা কেশরী রাজাদের কাছ থেকে গাবংশের আমরা ছিনিয়ে নিয়ে রাজ্য প্রতিষ্টা করেছি; যার পূর্ব সীমানায় অর্ক ক্ষেত্র” ইত্যাদি।
চোড়গঙ্গ যে পুরীমন্দিরের আদি নির্মাতা নন, এ তথ্যের সমর্থন মাদলাপঞ্জী ছাড়া সংস্কৃতে লেখা পুরানেও স্বীকৃতঃ “প্রাসাদং পুরুষোত্তমস্য নৃপতি কো নাম কর্তুংক্ষম। স্তস্যেতাদ্য নৃপৈরূপেক্ষিতময়ং চক্রের গঙ্গেশ্বরঃ ।” সেখানে উল্লেখ আছে যে, পুরুষোত্তমের এই দেব দেউলের সংস্কার কার্যই করেছেন। নীলাচলের মহিমা মহাভারতেও আছে: বহু প্রাচীন শাস্ত্রে আছে, যা চোড়গঙ্গ উড়িষ্যাধিপতি হবার অন্ততঃ হাজার পূর্বে লিপিবদ হয়েছে। বর্তমান পুরীতে নীলাচল নেই অর্থাৎ পর্বত নেই; কিন্তু পুরীর মন্দিরটি সংলগ্ন ভূ-ভাগ অপেক্ষা অনেক উচুতে অবস্থিত। যেন ছোট একটি পাহাড়ের উপর উঠে আসতে হয়। ফার্গুসন সাহের সন্দেহ প্রকাশ করেছেন হয়তো পুরীর’ সেই বৌদ্ধ শাস্ত্র সম্মত দন্তপুর, যেখানে কলিঙ্গরাজ ব্রহ্মদত্ত খ্রীষ্টপূর্ব পঞ্চমশতাব্দীতে বুদ্ধের শ্ব-দন্তের উপর মন্দির নির্মাণ করিয়েছিলেন। তাঁর মতে স্বপক্ষে কয়েকটি যুক্তি হলো- প্রথমতঃ বৌদ্ধধর্মে জাতিভেদ নেই। শ্রীক্ষেত্রেও জাতিভেদ নেই বা ছিলনা। ভারতবর্ষে এই একটি মাত্র স্থান যেখানে অন্ন উচ্ছিষ্ট হয় না। থেরবাদ বা হীনযানী বৌদ্ধরা মূর্তি পূজা করতেন না- তাঁরা গৌতমবুদ্ধের মূর্তি নির্মাণ কখনও করেননি- জগন্নাথদেবের মূর্তিও কি তাই অসম্পূর্ণ অবস্থায় পরিত্যক্ত? বৌদ্ধধর্মের মূলমন্ত্র ত্রিরত্নে বিধৃত- “বুদ্ধং সরণং গচ্ছামি, ধম্মং সরণং গচ্ছামি, সংঘং সরণং গচ্ছামি।” পুরী মন্দিরেও পাশাপাশি তিন রত্ন। “বলরাম, সুভদ্রা, শ্রীকৃষ্ণ।” খেরবাদী বৌদ্ধরা সংযমী সন্ন্যাসী ছিলেন স্ত্রী দেব-দেবী বা শক্তির পরিকল্পনা পরবর্তী মহাযানী যুগের সৃষ্ট। কারণ হলো পুরী মন্দিরের পরিকল্পনায় রাধা পরিত্যক্ত? শুধুই কি ভাই বোনের সমাহার?। ‘ধৃ’ ধাতু থেকে এসেছে অর্থাৎ ধারণ করেন বলেই বোধ হয় সংস্কৃত ধর্ম এবং পালি ধম্মের স্ত্রীরূপই কল্পনা করেছেন বৌদ্ধ শাস্ত্রকারগণ। অথচ বুদ্ধ এবং সংঘ পুংলিঙ্গ শব্দ। আশ্চর্য্যের কথা জগন্নাথদেবের মন্দিরে অবস্থিত ধম্মের প্রতীক সুভদ্রাদেবীই স্ত্রীলোক দুই পাশে পুরুষ। জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের সঙ্গেও হয়তো বৌদ্ধ ধর্মের কিছু সম্পর্ক আছে। ফা হিয়েন তাঁর ভ্রমণ বৃত্তান্তে মধ্য এশিয়ার খোটানে এক রথযাত্রার বর্ণনা প্রসঙ্গে বলেছেন শহর থেকে ৩/৪ লি দূরে নগরবাসীরা একটি চার চাকার রথ নিয়ে এল, উচ্চতায় সেটি ত্রিশ হাত। মূল বিগ্রহকে কেন্দ্রস্থলে বসানো হল এবং তাঁর দুই পাশে বসানো হল দুই বোধিসত্ত্বকে। বজ্রযান কালচক্রে এরং জন্ম মৃত্যুর রথচক্র। যার চারটি চাকা হল আত্মজ্ঞান, ভক্তিজ্ঞান, শরণাগতি ও অহংকার শূন্যতা।
শ্রীক্ষেত্রে বর্ণবিচার পরিত্যাগ হিন্দুধর্মের অনুগত নয়- একেবারে বৌদ্ধ আদর্শ হতে গৃহীত হয়েছে বলা যায়। শুয়াং জাত উৎকলের পূর্বে দক্ষিণ প্রান্তে সমুদ্র তটে চরিত্রপুর নামে একটি সুপ্রসিদ্ধ বন্দর দেখেছিলেন। ঐ চরিত্রপুরই এখনকার পুরী বলে অনুমিত হয়। বন্দরের সন্নিকটে পাঁচটি অত্যুন্নত স্তূপ ছিল। কার্নিংহাম সাহেব অনুমান করেন সেগুলির মধ্যে একটি জগন্নাথের মন্দির। পূর্ব্বেই বলা হয়েছে দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীর মন্দির নির্মাণ কাজ সমাপ্ত হয়। দ্বাদশ শতাব্দীতে যখন বৌদ্ধরা অত্যন্ত বিস্তৃত হয়ে পড়ে তখন এই মন্দির প্রস্তুত হয়। এই স্তূপের মধ্যেই বুদ্ধের অস্থি কেশ ধাতু প্রভৃতি দেহাবশেষ রক্ষিত থাকে।
রাণী গুন্ডিচা দেবীর নির্বন্ধাতিশয্যে রাজা ইন্দদ্যুম্ন আর ধৈর্য্য ধরতে না পেরে মূর্তি নির্মাতার নিষেধ অগ্রাহ্য করে মন্দিরের দ্বার খুলে দেখেছিলেন। ফলে- ‘দারুভূত জগন্নাথ!’ প্রাচীন ওড়িয়া গ্রন্থে বর্ণিত শ্রীমাগুনিয়া দাসের উদ্ধৃতিতে দেখা যায় সাকার বুদ্ধ যেমন স্তূপপিণ্ডে রূপান্তরিত হয়ে আত্মপ্রকাশ করেছিলেন তেমনিভাবেই সাকার জগন্নাথ পিকাৎ হয়ে যাবার ইঙ্গিত আছে-
“মুই বদ্ধ রূপ হই কলিযুগে থিৰু বহি।
সুবর্ণ হাত গোড়বারি গড়াহি দেহ দন্ডধারি।।
দেখিলে সিংহাসন পরে বিজয়ে বউদ্ধ রূপরে।
পদ অঙ্গুলি নাহি হাত শ্রীদারুব্রহ্ম জগন্নাথ। ”
তাছাড়া ভূপালের প্রায় ৯ ক্রোশ পূর্বোত্তর বেতোয়া নদীতীরস্থ সাঁচি গ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের অনেকগুলি স্তূপ আছে। সেই স্থানে দক্ষিণ পারে বৌদ্ধ ধর্মের তিনটি ধর্মমন্ত্র একত্রে খোদিত রয়েছে। কার্নিংহাম সাহেব ঐ তিনটি বৌদ্ধদের বুদ্ধ, ধর্ম ও সংঘ এই ত্রিরত্নের সহায়ক হবে বলে মত প্রকাশ করেছেন। তিনি সাঁচি, অযোধ্যা, উজ্জয়নী প্রভৃতি নানাস্থান হতে, এমনকি, শক রাজাদের মুদ্রা হতেও ঐ ধর্মমন্ত্র অনেকগুলি সংগ্রহ করে প্রকাশ করেছিলেন।
উল্লিখিত তিনটি ধর্মমন্ত্রের সঙ্গে জগন্নাথাদির তিন মূর্তির বিলক্ষণ সাদৃশ্য দেখতে পাওয়া যায়। কার্নিংহাম সাহেব ভিলসা স্তূপ বিষয়ক বত্রিশ নং চিত্রপটে ঐ উভয়কে পাশাপাশি রেখে মুদ্রিত করেছিলেন। লক্ষ্য করলেই শ্রী ক্ষেত্রের বৈষ্ণব ত্রি-মূর্তির উল্লিখিত তিনটি বৌদ্ধ ধর্ম মন্ত্রের অনুকরণ বলেই সহজেই প্রতীয়মান হয়, বেশীর ভাগ কেবল চোখ নাম আর অর্ধচন্দ্রাকৃতি ওষ্ঠ। পূর্বেই উল্লেখিত হয়েছে বৌদ্ধরা সচরাচর ধর্মকে স্ত্রীরূপে কল্পনা করেন, পাথুরে খোদায়েও স্ত্রীমূর্তি খোদিত দেখা যায়। নেপালে এই ধর্ম ‘পারমিতাপ্রজ্ঞারূপিনী দেবী। খুব সম্ভব ইনিই জগন্নাথের সুভদ্রা- এরূপ নারী মধ্য ত্রিমূর্তি অন্যকোন হিন্দু দেবালয়ে কোনরূপ পরিজ্ঞাত দেবাকৃতি নয়, তবেই হলো জগন্নাথের, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বৌদ্ধদের বুদ্ধ, সঙ্ঘ, ধর্ম ।
বৌদ্ধশাস্ত্রে বুদ্ধপদের চক্রচিহ্ন সবিশেষ বর্ণিত আছে। বৌদ্ধরা বহু পূর্বাবধি তার একটি মূর্তি প্রস্তুত করে তার উপাসনা করতে প্রবৃত্ত থাকে। তাদের অনেকগুলি মুদ্রাও ঐ চিহ্নে দেখা যায়। শ্রীক্ষেত্রে বিষ্ণুর সুদর্শন চক্র খোদিত আছে। ড. রাজেন্দ্রলাল মিত্র সেই বিষ্ণুচক্রকে বৌদ্ধদের ঐ বুদ্ধচক্র ধর্মচক্র বলে অনুমান করেন। জগন্নাথ ছাড়া অন্য কোন দেবতার নিকট সুদর্শনের প্রতিরূপ দেখা যায় না। মিত্র মহোদয় উল্লিখিত অভিপ্রায়ই সমধিক সম্ভাবিত বলতে হয়। এই সমস্ত প্রমাণ হতে জগন্নাথক্ষেত্র পূর্বে একটি বৌদ্ধক্ষেত্র ছিল। এই অনুমানটি একরূপ নিঃসংশয়ে বলা যায়।
![]()









