
ছেলের বিয়েতে বাবা রাজি না হওয়ায় কুপিয়ে হত্যা
চট্টগ্রামের বাঁশখালীতে মো. বাদশা (৬৫) প্রকাশ বাদশা সওদাগর হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। বকাঝকা ও কাজের চাপ দেওয়ার কারণে আপন ছেলে এনামুল হক তাঁকে খুন করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, ‘অনলাইন থেকে এনামুল একটি মোবাইল ক্রয় করে। মোবাইলটি নিয়ে সে একজন মেয়ের সাথে কথা বলতো। মেয়েটি বিয়ে করার ইচ্ছা তার বাবাকে জানায়। বিষয়টি জানার পর এনামুলকে বকাঝকা করেন বাদশা। ওই মেয়েকে বিয়ে করিয়ে না দেওয়ার ক্ষোভ থেকে বাবাকে খুন করার সিদ্ধান্ত নেয় এনামুল হক (২০)।’
তিনি আরও বলেন, ‘ভোরে স্থানীয় ইউপি সদস্য মুরিদুল আলম চৌধুরীর খবরে ঘটনাস্থল থেকে ব্যবসায়ী বাদশার রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাত ৩টা ২০ মিনিটে এই হত্যার ঘটনা ঘটিয়েছে ছেলে এনামুল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাদশার পরিবারের সবাইকে থানা নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার ছোট ছেলে এনাম তার বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে।
জিজ্ঞাসাবাদে এনাম জানায়, তাঁর বাবাকে তিন কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে দা থেকে রক্ত মুছে রান্না ঘরে রেখে আসে। এরপর তাঁর রুমে ঘুমাতে চলে যায়।
নিহত মো. বাদশা সওদাগর পুঁইছড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়ার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি স্থানীয় শাহাদাত মার্কেটের বাদশা ডেকোরেশন নামের একটি প্রতিষ্ঠানের মালিক। ঘাতক এনাম ব্যবসায়ী বাদশার চার ছেলের মধ্যে ছোট। সে তার বাবার সঙ্গে ডেকোরেশন ব্যবসায় সহযোগিতা করত। বাদশা ৪ মেয়ে ও ৩ ছেলে সন্তানের জনক।
![]()









