
ছত্তিশগড়ের সুকমায় ফের সাফল্য নিরাপত্তাবাহিনীর, গুলির লড়াইয়ে ২ মাওবাদী নিহত
মাওবাদী মুক্ত ভারতের লক্ষ্যে ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। ছত্তিশগড়ের সুকমা জেলার কিস্তারাম থানা এলাকায় গুলির লড়াইয়ে মৃত্যু হল ২ মাওবাদীর। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। শনিবার (১ মার্চ) এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে পুলিশের তরফে। সুকমা পুলিশ সূত্রে প্রকাশ, কিস্তারাম থানা এলাকার এক জঙ্গলের মধ্যে মাওবাদীরা ঘাটি গেড়েছে গোপন সূত্রে এই খবর এসেছিল পুলিশের কাছে। সেই মতো শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) রাতে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে ডিআরও কোবরা ফোর্স। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ও পিছু হঠার জায়গা না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালায় বাহিনী। দীর্ঘক্ষণ ২ পক্ষের গুলির লড়াই চলার পর নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় ২ মাওবাদীর। পুলিশের তরফে জানা গেছে, ওই এলাকায় এখনও বেশ কয়েকজন মাওবাদী লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তবে মৃত মাওবাদীদের কোনও পরিচয় এখনও প্রশাসনের তরফে প্রকাশ্যে আনা হয়নি।
![]()








