
চরভদ্রাসনে ভোটের দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিষয়ে মতবিনিময় সভা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে মঙ্গলবার দুপুর ১২টায় ভোটের দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন সুলতানা। সভায় ভোটের দিনে উপজেলার সকল ভোট কেন্দ্রে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় মতামত ব্যক্ত করেন চরভদ্রাসন পল্লি বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম হাবিবুল্লাহ রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলীসহ অন্যান্যরা।
প্রধান অতিথি জেসমিন সুলতানা বলেন, উপজেলায় মোট ২২টি ভোট কেন্দ্রের মধ্যে অধিকাংশ কেন্দ্র মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত। তাই ভোট কেন্দ্রগুলোর বৈদ্যুতিক লাইন, বাতি ও সুইচসমূহ সঠিকভাবে সচল ও নিরাপদ রাখার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
তিনি আরও নির্দেশনা দেন, ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা, জেনারেটর এবং এসি/ডিসি বাতি কার্যকর রাখতে হবে। পাশাপাশি উপজেলার চরাঞ্চলে অবস্থিত ৬টি ভোট কেন্দ্রে নির্বাচন শেষ হওয়ার পরের দিন সকাল পর্যন্ত বিদ্যুৎ ও আলোর ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
সভা শেষে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে প্রশাসনের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
![]()









