
ঘোড়াঘাটে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি জোরদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান হিলি মোড় ও রানীগঞ্জ বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন)-এর মেজর আবু সাদাত মো. মুক্তাদিরের নেতৃত্বে এবং ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় এ চেকপোস্ট পরিচালিত হয়।
চেকপোস্ট চলাকালে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই করা হয় এবং চালক ও যাত্রীদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়। রাতের কুয়াশাচ্ছন্ন পরিবেশ ও অন্ধকারের মধ্যেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলায় অপরাধ প্রবণতা রোধ, অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের যৌথ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে মেজর আবু সাদাত মো. মুক্তাদির বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
![]()









