
গৌরনদীতে ২ কিলোমিটার খালের অবৈধ বাঁধ অপসারণ, জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা অভিযান
জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি বরিশালের গৌরনদী উপজেলাকে ‘ক্লিন-গ্রিন’ হিসেবে গড়ে তুলতে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে উপজেলা ও পৌর প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) সকালে পৌরসভার উদ্যোগে ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিজয়পুর-গোপালঘুরানী এলাকার প্রায় দুই কিলোমিটার খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিমের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। এ সময় স্বেচ্ছাসেবীদের সঙ্গে দা হাতে নিয়ে ইউএনওকে খালের পাড়ের আগাছা ও আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়।
কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন। সকাল থেকে শুরু হওয়া এ অভিযান পুরো খাল পরিষ্কার না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে চলবে বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম বলেন, ‘প্রধানমন্ত্রী পরিষ্কার-পরিচ্ছন্ন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের দিকনির্দেশনায় মাঠপর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, ‘খালের মধ্যে অবৈধ বাঁধ, প্লাস্টিক বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে বৃষ্টির পানি নামতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং ওয়ার্ডবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। জনগুরুত্ব বিবেচনায় খালের বাঁধ অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়েছে।’
ইউএনও জানান, খালটি পরিষ্কার ও অবৈধ বাঁধ অপসারণের ফলে প্রায় আড়াই হাজার পরিবার জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রক্ষা পাবে।
তিনি আরও বলেন, ‘গৌরনদী উপজেলাকে ক্লিন অ্যান্ড গ্রিন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি সফল করতে রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের কর্মীরা প্রশাসনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সম্মিলিতভাবে এ কার্যক্রম এগিয়ে নিতে পারলে গৌরনদী একটি পরিষ্কার-পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে উঠবে।’
![]()









