
গুয়াহাটিতে ২ দিনে পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ জন গ্রেফতার
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে ২ দিনে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আসাম পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করেছে। পুলিশ সূত্রে প্রকাশ, রবিবার (৪ অক্টোবর ) মধ্যরাতে গুয়াহাটির সাতগাঁও থানার অন্তগর্ত গান্ধীবাগ এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে অভিষেক কুমার সিং (৩১) নামক এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় আসাম পুলিশ। গ্রেফতারকৃত অভিষেক কুমার মূলত বিহারের পূর্ব চম্পারণের বাসিন্দা। এদিকে, সোমবার (৫ অক্টোবর ) গুয়াহাটির সাতগাঁও এলাকা থেকে রিতেশ কুমার সিং নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে আসাম পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এফটিএফ)। তিনি বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন, একাধিক সিমকার্ড এবং বেশকিছু গুরুত্বপূর্ণ দেশ বিরোধী নথিপত্র উদ্ধার করা হয়েছে। এই গুপ্তচরবৃত্তির নেটওয়ার্কটি কতটা গভীরে বিস্তৃত, তা খতিয়ে দেখতে আসাম পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী দল যৌথভাবে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
![]()









