
গভীর খাদে পড়ল সেনার গাড়ি ! জম্মু – কাশ্মীরের ডোডায় ১০ জওয়ানের মৃত্যু, গুরুতর আহত আরও ১১
নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে গেল সেনার গাড়ি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) দুপুরে জম্মু – কাশ্মীরের ডোডায় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১০ জওয়ানের। গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন। সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, এদিন দুপুরে ডোডা জেলার ভদ্রওয়াহ এলাকায় ভারতীয় সেনার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। সেনা সূত্রে জানা গেছে, ওই গাড়িতে অন্তত ২০ জন সেনা কর্মী ছিলেন। পথে ভদ্রওয়াহ চম্বা সড়কের উপর খন্নী টপে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে কোনও ভাবে খাদে পড়ে যায় গাড়িটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে সেনা ও পুলিশের যৌথ দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১০ জন জওয়ানের দেহ পাওয়া গেছে। গাড়িতে থাকা বাকিদের অবস্থা ও আশংকাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা। আহতদের বিমানে করে উধমপুর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
![]()









