
কেন্দুয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই জুয়ারি আটক
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ দু’জন জুয়ারিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা ও কেন্দুয়া থানা পুলিশ ।
সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১১ টা ৩০ মিনিটে অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযানে উপজেলার ১২নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজারে জুয়ার আসর থেকে আটক করা হয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু (৫০) ও অন্য এক জুয়ারিকে । জানা যায়, উল্লেখিত স্থানে নিয়মিতই জুয়ার আসর বসত । তবুও বন্ধ করা যায় নি অদৃশ্য কারণে ।
রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম সুরুজ আলী (৬৬) মুঠোফোনে বলেন, শুনেছি প্রায়শই ওখানে খেলা-টেলা হতো । এমনকি আটক সাধারণ সম্পাদক ১৫-২০ দিন আগেও পুলিশকে জানিয়েছিলো । আজকে সেনাবাহিনীর সদস্যরা এসে বাবলুসহ আরো দু’তিন জনকে ধরে নিয়ে গেছে । জুয়ার আসর সম্পর্কে সেনাসদস্যরা আমাকেও বিভিন্ন প্রশ্ন করেছে ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান মুঠোফোনে জানান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলুসহ আরও একজনকে আটক করেছে সেনাবাহিনী ও কেন্দুয়া থানা পুলিশ । এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারও সাথে ছিলেন । আটক পরবর্তী আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে ।
![]()









