
কুমারখালীতে ১৪৪ ধারার নোটিশ দিতে গেলে ধস্তাধস্তি ও হাতাহাতির শিকার দুই পুলিশ সদস্য
কুষ্টিয়ার কুমারখালীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের এক মামলায় আদালত বিবাদপূর্ণ স্থানে ১৪৪ ধারা জারী করায় বিবাদীপক্ষের বাড়িতে নোটিশ পৌঁছিয়ে দিতে যেয়ে ধস্তাধস্তি ও হাতাহাতির শিকার হয়েছেন পুলিশের এক এএসআই ও এক পুলিশ কনস্টেবল।
শুক্রবার (২৮ জুন) রাত পৌনে ৮টার দিকে কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজার সংলগ্ন ভালুকা ফকিরপাড়ায় উক্ত ঘটনা ঘটেছে।
ধস্তাধস্তি ও হাতাহাতির শিকার হয়েছেন উপজেলার পান্টি পুলিশ ক্যাম্পের এএসআই মো. নিজাম ও কনস্টেবল মো. রাশেদুল ইসলাম।
মারধরকারীরা হলেন-কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ভালুকা ফকিরপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে মো. রফিকুল আলম (৫০) ও তাঁর ছেলে মো. শাকিল (২০)। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন বাবা-ছেলে।
জানা গেছে, ভালুকা ফকিরপাড়া এলাকার মো. শমসের আলীর ছেলে শাহীন আলমের সঙ্গে অভিযুক্ত রফিকুল আলমের শূন্য দশমিক ১৭৯ একর জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে শাহীন কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি লিখিত অভিযোগ দেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করেন।
শুক্রবার রাতে এএসআই মো. নিজাম ও পুলিশ সদস্য রাশেদুল সেই নোটিশ দিতে গিয়ে বিবাদী রফিকুল ও তাঁর ছেলে শাকিলের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।
রফিকুলের স্ত্রী শাহিদা খাতুনের দাবি, পুলিশ প্রথমে বাদীর বাড়িতে নোটিশ দেন। এরপর সেখান থেকে এসে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর ছেলেকে লাথি মারে ও ধস্তাধস্তি-হাতাহাতি হয়। তাঁরা পুলিশকে মারিনি, শুধু আত্মরক্ষা করেছেন।
এ বিষয়ে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের পুলিশ ইন্সপেক্টর মো: বসির উদ্দিন জানান, ১৪৪ ধারা জারির নোটিশ দিতে গিয়ে পুলিশের সঙ্গে বিবাদীর ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ জানান, এই ঘটনায় আমাদের পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িতদের ধরতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
![]()









