
আসামের সাধক গঙ্গাপুরি ৩২ বছর স্নান না করে রেকর্ড
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এবারের মহাকুম্ভ মেলার একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছেন আসামের গঙ্গাপুরি মহারাজ, যাকে ভক্তরা “ছোটু বাবা” হিসেবে চেনেন। এই সাধক সম্প্রতি একটি চমকপ্রদ রেকর্ড গড়েছেন ৩২ বছর ধরে তিনি স্নান করেননি। তবে, নিজে স্নান না করলেও ভক্তদের পুণ্যস্নান করতে উৎসাহিত করেছেন তিনি। ভারতের তিন নদীর মোহনায় অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এক আয়োজনে পরিণত হয়েছে। এতে অংশ নিতে ইতিমধ্যে তীর্থ যাত্রীরা আসতে শুরু করেছেন। এবছরের মহাকুম্ভ মেলায় ৫৭ বছর বয়সী গঙ্গাপুরি মহারাজ আসামের কামাখ্যাপীঠ থেকে যোগ দিয়েছেন। ৩ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই সাধক ৩২ বছর সময় ধরে স্নান করেননি, যা এক বিরল ঘটনা। তিনি জানান, একটি সংকল্পের কারণে দীর্ঘ সময় ধরে শরীরে জল স্পর্শ করেননি। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর তীরে আয়োজন করা হয় মহাকুম্ভ মেলা, যা ১২ বছর পর পর অনুষ্ঠিত হয়। এটি আধ্যাত্মিক সাধকদের সবচেয়ে বড় মিলনমেলা, সেখানে সারা বিশ্ব থেকে কোটি কোটি তীর্থযাত্রী ও পর্যটক জড়ো হন। এবার মহাকুম্ভ মেলা ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এতে প্রায় ৪৫ কোটি ভক্তবৃন্দের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। বিশাল এই আয়োজনের জন্য ২শত বিলাস বহুল কটেজ এবং তাঁবু প্রস্তুত করা হয়েছে। যাতে এত বিপুল সংখ্যক তীর্থযাত্রী ভক্তদের আশ্রয় দেওয়া সম্ভব হয়।
![]()









