
আমি তো কালো
অধরা তালুকদার
আমি তো কালো! তুই তো
সোনা অনেক ভালো,
তবু কেন করিস জ্বালাতন
মনের মাঝে কেন উচাটন?
ও’ই দেখ ডুমুর গাছে ফল,
সাদা রক্ত জল,করে টলমল।
ছিড়লে তারে দেখতে পাবি,
খেলে পড়ে তুই নিজেকে হারাবি।
আমি তো কালো! তুই তো
সোনা অনেক ভালো,
ও’ই যে দেখ মাঠের পরে মাঠ
তার অদূরে সোনা দীঘির হাট
ওই-খানেতে ছোট্ট কুঁড়েঘর
সেইখানে অপেক্ষারত যে আছে
তারে আমি কেমনে করি পর।
আমি তো কালো! তুই তো
সোনা অনেক ভালো,
ঐ চেয়ে দেখ মেঘের উপরে
কেমনে আকাশ উড়ে,
ইচ্ছের বিরুদ্ধে মনের দরিয়া
আমি হবো পাড় কেমন করে,
বিনে সুতার গাঁথা মালা,
আপন হাতে দিয়েছি তারে।
আমি তো কালো! তুই তো
সোনা অনেক ভালো,
চেয়ে দেখ তুই আকাশে চাঁদ
কি করে জ্যোৎস্না ছড়ায়
হৃদয় ভরায়, বিনিময়ে চায়না
কিছু শুধু বিলিয়ে যায়,
চোখের রেটিনাতে মায়াতে হারায়।
খুঁজে পাই না তারে অমাবস্যায়।
পৃথিবীতে যত মায়া ঝরে,
সব মায়া গাঁথা অন্তরে,
দু’পয়সার আলতা দিয়ে
সে ঘরে এনেছে মোরে!
কোন মায়া কোথাও কি
আটকে রাখতে পারে!
একটা নাক ফুলের কাছে
বিদুষী সব ছাড়তে পারে।
![]()









