
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফ্রিকান দেশগুলোতে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের দ্বিপক্ষীয় বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফররত প্রধানমন্ত্রী ২৩ আগস্ট হোটেল রেডিসন ব্লু স্যান্ডটনে ‘আফ্রিকাতে বাংলাদেশের রাষ্ট্রদূত সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিন, কারণ রাজনীতির পাশাপাশি অর্থনীতিও গুরুত্বপূর্ণ। আপনি এখানকার যে দেশে কাজ করছেন সেখানে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত সম্ভাবনা খুঁজে বের করুন। তিনি পারস্পরিক সুবিধার জন্য একে অপরের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী আফ্রিকার দেশগুলোতে আরও বাংলাদেশি দক্ষ জনশক্তি পাঠানো, রেমিট্যান্স বাড়ানোর ব্যবস্থা গ্রহণ ও আফ্রিকার দেশগুলোতে জাতিসংঘ মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, তারা বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বাংলাদেশ যাতে মাথা উঁচু করে বিশ্বমঞ্চে এগিয়ে যেতে পারে সে জন্য রাষ্ট্রদূতদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীদের যত্ন নিতে হবে, কারণ তারা জাতিসংঘের বিভিন্ন মিশনে কাজ করার সময় বিরল মানবিক গুণাবলি দেখিয়েছেন। এর জন্য তারা স্থানীয়দের প্রিয়ভাজনও হয়েছে।
![]()









