
আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা জেলায় দ্বিতীয় শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত “আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”-এর সমবেত নৃত্য বিভাগের ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ। এ সাফল্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় ঢাকার তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হয় ঢাকা জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা। এতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সমবেত নৃত্য বিভাগে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থীরা নান্দনিক পরিবেশনা উপস্থাপন করে বিচারকদের প্রশংসা অর্জন করেন এবং দ্বিতীয় স্থান লাভ করেন।
প্রতিযোগিতায় শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের পক্ষে অংশগ্রহণ করেন শিক্ষার্থী মো. ইমরান হোসেন অর্নভ, আদোরিকা আফরিন, পূজা সরকার ও কাজী নয়ন মনি।
প্রতিযোগিতায় সাফল্যের পর শিক্ষার্থীরা বলেন, সংস্কৃতিচর্চা আমাদের ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখার পাশাপাশি একঘেয়ে জীবনে বিনোদন ও মানসিক প্রশান্তির অন্যতম মাধ্যম। চিত্তবিনোদন মানুষের মৌলিক মানবিক চাহিদার একটি অংশ। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কোনো না কোনো মাধ্যমে সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত হওয়া প্রয়োজন।
তারা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতিবছর এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করছে। ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সংস্কৃতিচর্চায় এটি আরও নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের এ অর্জনে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বিভাগীয় পর্যায়েও কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রেখে প্রতিষ্ঠানের জন্য আরও সুনাম বয়ে আনবে।
![]()









