
আজ চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী
বহুল প্রতিক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল উদ্বোধনের জন্য আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসছেন। চট্টগ্রামে তিনি ‘বঙ্গবন্ধু টানেল’-এর উদ্বোধন ছাড়াও ১৭টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর দুপুর ১২টায় প্রধানমন্ত্রী আনোয়ারায় জনসমাবেশে বক্তব্য দেবেন। নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর এ ভাষণকে অনেকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শহর প্রান্তে টানেলের নামফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। টোল প্রদানের পর টানেল পার হয়ে আনোয়ারার কাফকো কলোনি সংলগ্ন কেইপিজেড মাঠে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
টানেল উদ্বোধন ও জনসভার মধ্যে তিনি চট্টগ্রামের বিভিন্ন উপজেলার আরো বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো- চট্টগ্রাম জেলা পরিষদ টাওয়ার, মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স, রাঙ্গুনিয়া ও আনোয়ারা জেলা পরিষদ ডাকবাংলো, রাউজানে শেখ কামাল কমপ্লেক্স, শিকলবাহা খালের ওপর পিসি গার্ডার ব্রিজ এবং পটিয়ায় শেখ কামাল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল, চট্টগ্রাম বিমানবন্দরে বঙ্গবন্ধু ম্যুরাল, পর্যটক বাস, রিভার ক্রুজ ও ফুল ডে ট্যুর সংবলিত পর্যটন সেবা প্রকল্প, ডিসি পার্ক, হাজার বছরের নৌকা জাদুঘর, ১৯১টি ইউনিয়নে খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র, স্মার্ট স্কুল বাস সার্ভিস ও বার্ডস পার্ক।
প্রধানমন্ত্রী আজ বেলা ১১টায় নেভাল একাডেমিতে আসবেন। সাড়ে ১১টায় উদ্বোধন করবেন বঙ্গবন্ধু টানেল। এরপর টানেল দিয়ে আনোয়ারা প্রান্তে সমাবেশে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আনোয়ারা জনসভা দুপুর ২টার মধ্যে শেষ করবেন। এর পরপরই ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত শুক্রবার দুপুরে আনোয়ারার জনসভাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহাবুবুল হক হানিফ। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ টানেল যুগে প্রবেশ করছে, এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হানিফ বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। রাজনৈতিক কর্মসূচির নামে কেউ সহিংসতা ও নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।’
জনসভাকে কেন্দ্র করে সার্বিক তত্ত্বাবধানে কাজ করছেন আনোয়ারার সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে আনোয়ারায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন চট্টগ্রামবাসীর বিশাল পাওনা। আনোয়ারাবাসী এখন প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছে।’
প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে প্রতিটি উপজেলায় শুরু হয়েছে সাজসাজ রব। আনুমানিক ১০ লাখ মানুষের সমাগম ঘটাতে চাইছে আওয়ামী লীগ নেতারা। জনসভাকে স্মরণীয় করে রাখতে এরই মধ্যে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে আনোয়ারা।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা চট্টগ্রামের জনসভায় গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন শেখ হাসিনা। তাই জনসভার জন্য নৌকা আদলের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। জনসভার মাঠের আয়তন প্রায় সাড়ে ৯ লাখ বর্গফুট।
বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন এবং আনোয়ারা প্রান্তে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কয়েকদিন ধরে চলছে নানা প্রস্তুতি। গত বুধবার কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বর্ধিত সভা হয়। বর্ধিত সভায় সূচনা ও নির্দেশনামূলক বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ২৮ অক্টোবর সকাল ১০টায় বঙ্গবন্ধু টানেলের দক্ষিণ প্রান্তে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে বিশাল জনসমুদ্রে পরিণত করা হবে। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে লাখো লোকের সমাগম ঘটানো হবে। এই লক্ষ্যে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী রোডম্যাপসহ সমাবেশ স্থলে নির্দিষ্ট সময়ে যোগদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বঙ্গবন্ধু টানেল ছাড়াও চট্টগ্রামে ১৭ প্রকল্পের দ্বার খুলবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান গণমাধ্যমকে জানান, ‘চট্টগ্রামে বিভিন্ন সংস্থার বেশ কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম সফরে টানেল ছাড়াও ১৭টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন হবে এমন অধিকাংশ প্রকল্পের কাজ শেষ হয়েছে, বাকিগুলোও শেষের দিকে। তা ছাড়া বাকি কয়েকটা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
![]()









