- - -

আজকের দিনে শেখ রাসেলকে বড় প্রয়োজন ছিল

Print News

⁩ ⁨আজকের দিনে শেখ রাসেলকে বড় প্রয়োজন ছিল

এম. নজরুল ইসলাম

 

তার হাসি মেখে আজ সূর্য উঠেছে। ঘাসের ডগায় জমা শিশিরের কণা, কার্তিকের নরম রোদ ছুঁয়ে ঝলমল করে। আজকের দিনটা তো একান্তই তার, বার্ট্রান্ড রাসেলের নামে নাম যার। দুই ভাই, দুই বোনের আদরের ভাই। ভাবিদেরও সঙ্গে ছিল নিত্য খুনসুটি। মায়ের আদর তাকে রাখত ভরিয়ে। শেষাবধি মা-ই তার শেষ আশ্রয়। অন্ধকারে ঢেকে যাওয়া সেই ভোরবেলা, মায়ের কাছেই যেতে চেয়েছিল সে। মায়ের সঙ্গে তার শেষ যাত্রা হলো!
বাবারও কাছের ছিল, থাকত পাশে পাশে। বাবার মতোই সে কি স্বপ্ন দেখত? তাকে নিয়ে স্বপ্ন ছিল বাবারও নিশ্চয়। আর দশজন সাধারণ ছেলের মতোই সকালবেলায় সে স্কুলে যেত রোজ। চতুর্থ শ্রেণির ছাত্র, ওই বয়সেই সতীর্থ বন্ধুদের প্রিয়ভাজন ছিল।

মায়াবী মুখের এক দেবশিশু। তার দুই চোখজুড়ে ছিল অপার বিস্ময়। ছিল অন্যকে আকর্ষণ করার ক্ষমতা। সহজাত সারল্য ছিল তার। মা-বাবার মমতা, ভাই-বোনের ভালোবাসার ভেলায় ভেসে দিন যাচ্ছিল তার। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘বয়স তখন ছিল কাঁচা, হালকা দেহখানা/ ছিল পাখির মতো, শুধু ছিল না তার ডানা।’ কাঁচা বয়সই ছিল তার। ধানমÐির ৩২ নম্বর সড়কের ৬৭৭ নম্বর বাড়িটির সামনেই লেক। বাড়ির সামনের রাস্তা দিয়ে সামনে অনেকটা দূর চলে যাওয়া যায়। ধানমÐি লেকের পার আর এই রাস্তা দিয়ে তিন চাকার সাইকেল চালাতে চালাতে একটু একটু করে নিজের চেনা জগতের পরিধি বাড়িয়ে নেওয়ার ভেতর দিয়েই তো দিন কাটত তার। বাড়িতে সর্বকনিষ্ঠ হওয়ায় সবার আদর আদায় করা তো ছিলই। পরিবারের কনিষ্ঠ সদস্য হিসেবে সবার আদরকাড়া শিশুটির কি কোনো স্বপ্ন ছিল? সকালের সূর্যোদয় কি কোনো বার্তা পাঠাত তাকে? সন্ধ্যার পশ্চিমাকাশ কেন আবির মাখে এমন প্রশ্ন কি কোনো দিন উঁকি দিয়েছে তার মনে? এসব প্রশ্নের উত্তর আমাদের জানা নেই।

স্কুলের শিক্ষক থেকে গৃহশিক্ষক, সবারই ভীষণ প্রিয় হয়ে উঠেছিল। ‘স্কুলের ছুটি হয়ে গেলে বাড়ির কাছে এসে’, হয়তো বা সে দেখত হঠাৎ ‘মেঘ নেমেছে ছাদের কাছে ঘেঁষে।’ রূপকথা তার হয়তো প্রিয় ছিল। মায়ের কাছে, বোনের কাছে করত সে আবদার? ভূতের গল্প শুনে মায়ের আঁচলে ভয়ে কি সে লুকাত মুখ! কিংবা শুনত যদি তেপান্তরের মাঠ পেরিয়ে আসা সেই সাহসী রাজকুমারের গল্প, তাহলে কি মনে মনে হতো সে সেই নবীন কুমার? সেসব খবর আমরা কি আর রাখি? হয়তো বা তার বন্ধু ছিল পাখি। উড়ে এসে বসত পাশে পোষা কবুতর।
হাতের তালুতে তুলে খাওয়াত খাবার। হয়তো বা সে ভালোবাসত ফুল। লাল গোলাপে পক্ষপাতও ছিল। তার বাগানে ফুটত সাদা জুঁই, গন্ধরাজ ও চন্দ্রমল্লিকা। লাল দোপাটি কিংবা হলুদ গাঁদায় উড়ে এসে বসত প্রজাপতি? সে-ও তো ছিল এক বাগানের ফুল!

ভোরের আকাশে জ্বলজ্বলে শুকতারা। হঠাৎই হারিয়ে যায়, চোখের পলকে। সেও কি তারা হয়ে ফুটে উঠেছিল, জীবনের ভোরবেলা হারিয়ে গেছে? কে তাকে রেখেছে মনে? সে কথা জানতে পাঠ করি কবিতার পঙক্তি বারবার। ‘ঘাতক বোঝেনি অবুঝ শিশুর মন/ঘাতক বোঝেনি বোনদের ভালোবাসা/ঘাতক কেবল ট্রিগার চালাতে জানে/ঘাতক বোঝে না জাতির ভবিষ্যৎ।/বর্তমানের মিথ্যা হিসাব নিয়ে/ঘাতক মেতেছে হত্যার উল্লাসে/অবুঝ শিশুও টার্গেট হয় তার।/তাতে যে দীর্ঘ হয়েছে দীর্ঘশ্বাস/সেই কথা ঢের লেখা আছে ইতিহাসে।/শুধু লেখা নেই আড়ালে কাদের বুকে/শোকের সাগর বয়ে চলে অবিরাম।’ যে বয়সে সে পরপারে দিল পাড়ি, সে বয়সে মনে জাগে কত কল্পনা। সে বয়সে সব শিশুই রাজাধিরাজ, মনে মনে গড়ে নিজের ভুবন নিজে।

‘বোনের চোখ/নিদ্রাহীন/রাত্রিদিন/কী উন্মুখ/ফিরছে খুঁজে/ভাইয়ের মুখ/’Ñহয়তো বোনরা একান্ত নিভৃতে ভাইয়ের সঙ্গে কথায় কাটান বেলা। আহা, কত আদরের প্রিয় ছোট ভাই, সে কোথায় আজ? ফুটে আছে নাকি তারা হয়ে দূরাকাশে? কোথায় হারিয়ে গেছে আদরের ভাই। ‘বোনের মন/সারাক্ষণ/বলতে চায়/রাসেল আয়।/সামনে এসে/মিষ্টি হেসে/দাঁড়াস যদি/সুখের নদী/ছুটবে আজ/গুটিয়ে নেব/সকল কাজ।’ ভাইয়ের জন্মদিনে আজ দুই বোন, হয়তো একান্তে খুলে স্মৃতির অ্যালবাম, মাথায় ও মুখে তার হাত বোলাবেন। বলবেন, ভেরি হ্যাপি বার্থডে টু ইউ। চোখ বুজে হয়তো বা ফিরবেন সেই দিনগুলোতে, যেদিনে লুকোচুরি খেলত ছোট ভাই। হয়তো বা আজ একান্ত কোনো ক্ষণে, দুই বোন চোখ বুজে খুঁজে ফিরবেন সেই ছোট ভাইটিকে। ‘বোনের স্মৃতিতে আজও অমলিন/হাসিমাখা সেই মুখ/অ্যালবামে ভরা পুরনো দিনের/ছবি দেয় কিছু সুখ।/ছবি দেখে দেখে দীর্ঘশ্বাসে ঘরের বাতাস ভারী/নীরবে দুচোখে অশ্রæ বন্যা/মনে পড়ে মুখ তারই।’

আদরের ভাই আর ফিরে আসবে না। দুষ্টু-মিষ্টি হাসিতে আদর কাড়বে না কোনো দিন। স্মৃতি হয়ে আছে, স্মৃতি হয়ে থাকবে সে। বুকের ভেতরে ওই মুখ অমলিন। দুষ্টুমিভরা ওই প্রিয় মুখখানি, মাঝেমধ্যে ভেসে ওঠে স্মৃতির আয়নায়। সেই হাসি, দুই চোখে অনন্ত জিজ্ঞাসা, কখনো আবার সেই চেনা খুনসুটি। বোনদের চোখে নামে অশশ্রæর ধারা। ঢেউ ওঠে বেদনার অতল সাগরে।

শরতের কাশফুল হেমন্তে এসেও নদীতীরে দোল খায় আপন খেয়ালে। গাছে গাছে ফুটে আছে কামিনী-মল্লিকা। সুগন্ধি ছাতিম আর শিউলির ঘ্রাণ, রাতের মায়ায় টানে। মধুগন্ধি হিমঝুরি রোজ রাতে ফোটে; ভোরবেলা ঝরে যায়, অভিমান বুঝি! সাদা-লালে রাজঅশোক হেমন্তেই ফোটে। প্রকৃতি পবিত্র করে দেবকাঞ্চন। বকফুল ফুটে থাকে ডালের ডগায়। আজকে যত ফুল ফুটেছে সব রাসেলের জন্য। সব পাখি আজ গান গেয়েছে শেখ রাসেলের জন্য। ‘নরম গালে/কোন সে কালে/আলতো চুম/আনতো ঘুম।/সে আজ নেই।/হারায় খেই/চিন্তাগুলো/স্মৃতির ধুলো/মোছার নয়/এ ঘরময়/ছুটত যে/কোথায় সে?’

ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিয়েছে তাকে। কী দোষ ছিল তার? একরত্তি শিশু, জাগতিক কোনো বোধ যাকে ছুঁয়ে যায়নি তাকে কেন ষড়যন্ত্রের শিকার হতে হলো? এমন তো হওয়ার কথা ছিল না। যে বয়সে আপন ভুবনে রাজা হয়ে থাকার কথা তার, সেই বয়সে তাকে পরপারে পাড়ি জমাতে হলো। স্বপ্নপূরণের বয়স ছোঁয়ার আগেই তাকে পাড়ি জমাতে হয়েছে পরপারে। ষড়যন্ত্রকারীদের নির্মম বুলেট বিদ্ধ করেছিল তাকে।

দেশ আজ ষড়যন্ত্রকারীদের কবলে। এক অপশক্তি চেপে বসেছে। তারা সব ইতিহাস-ঐতিহ্য মুছে ফেলতে চায়। বাঙালির গর্বিত সব অর্জন উড়িয়ে দিতে চায় তারা। আগুন দিয়ে পুড়িয়ে দেয় বাঙালির ইতিহাসের অংশ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। মুছে দিতে চায় ৫২, ৬২, ৬৫, ৬৯ থেকে শুরু একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস। আমাদের ধর্মনিরপেক্ষ সংবিধান বাতিল করে দিতে চায় তারা। এই অপশক্তির বিরুদ্ধে নতুন যুদ্ধে নেতৃত্ব দিতে আজকের দিনে শেখ রাসেলকে বড় প্রয়োজন ছিল। বেঁচে থাকলে যে বয়স হতো তাঁর, হয়তো তিনি হতেন আজকের দিনের নতুন স্বপ্নের ফেরিওয়ালা। দিতেন দিনবদলের আশাময় ডাক। সেই ডাকে সাড়া দিয়ে বাঙালি আবার নববিপ্লবের দীক্ষা নিয়ে চেপে বসা অপশক্তিকে চিরতরে দূর করে দিত বাংলার মাটি থেকে।

তার রক্তে আজকের ভোরের আকাশ আবিররাঙা ছিল। দিন গড়িয়ে সন্ধে হবে, ফুটবে হাজার তারার বুটি রাতের আকাশজুড়ে। আকাশভরা তারার মেলায় কোনো একটি তারা রাসেল হয়ে জ্বলবে নিশ্চয়।
আজ ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন। ‘হ্যাপি বার্থ ডে শেখ রাসেল!’

লেখক: সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এবং অস্ট্রিয়াপ্রবাসী মানবাধিকারকর্মী, লেখক ও সাংবাদিক

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa