- - -

আজও বাঁচি

Print News

আজও বাঁচি

উষসী

 

যদি পাই সুযোগ আর একটিবার
কফিনের শেষ পেরেকটা
উপড়ে ফেলার !
যদি পাই সুযোগ আর একটিবার
ভেঙে দেওয়া মেরুদন্ডে
ইচ্ছেশক্তির প্রলেপ ঘষতে,
তবে ব্রহ্মমুহূর্তে শঙ্খধ্বনি হয়ে
জানান দেবো আজই,
বলবো-” মরিনি এখনো,
আজও হৃদপিন্ড নাচে নটরাজ হয়ে!”

যদি পাই সুযোগ আর একটিবার
এই লাভ লোকসানের
দুনিয়ায় পদার্পণের,
যদি পাই সুযোগ আর একটিবার
মানুষ রুপি অমানুষদের
মুখোশ টেনে ছেঁড়বার,
তবে মিটিং, মিছিল, স্লোগান নয়-
ছোঁ মেরে তুলে নেবো সব অপগন্ডদের
এ ধরিত্রীর বুক থেকে
কালো বাজ হয়ে!

যদি পাই সুযোগ আর একটিবার
নবারুণ গায়ে মেখে
রানার হওয়ার,
যদি পাই সুযোগ আর একটিবার
কামারখানায় ছিটকে ওঠা
আগুনের ফুলকি হওয়ার,
তবে অনন্ত জ্যোতি হয়ে জ্বলবো
সব সদ্যজাতের প্রাণে!
ভেজাল বিহীন সদ্যজাত প্রাণ সব
হবে চলমান মশাল একদিন!

যদি পাই সুযোগ আর একটিবার
খাতার পাতায় নয়-
আকাশের গায়ে
রক্ত দিয়ে লিখে যাবো
জীবনকাব্য আরও একবার!
আমাদের নেই মৃত্যু,
আছে ফল্গুধারায় বওয়া!
যতবার মারো, উঠবো জেগে-
চলবে অনন্ত পথ বাওয়া!
একটি সুযোগ বারবার যদি পাই-
বারবার মরে বারবার জেগে যাই!

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa