
অন্ধ্রপ্রদেশে পড়ুয়াকে সপাটে চড়, শিক্ষিকার কোলেই শিশু মৃত্যু
ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ক্লাসরুমের মধ্যেই ৬ বছরের এক পড়ুয়ার মৃত্যু। পরিবারের অভিযোগ, হোমওয়ার্ক না করার কারণে শিক্ষিকা শিশুটিকে বেধড়ক মারধর ও বকাঝকা করেন। শিক্ষিকার কোলেই লুটিয়ে পড়ে শিশুটির মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুল থেকে একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। তাতে দেখা গিয়েছে, শিক্ষিকা শিশুটিকে তীব্রভাবে বকাঝকা করছেন। শিশুটি হাত জোড় করে আকুতি জানাচ্ছে। এর পরে শিক্ষিকা শিশুটির গালে একটি সজোরে চড় মারেন। চড় মারার কয়েক সেকেন্ডের মধ্যেই শিশুটি শিক্ষিকার কোলে লুটিয়ে পড়ে। শিক্ষিকা তাকে তোলার চেষ্টা করলেও কোনও সাড়া পাওয়া যায়নি। শিশুটির পরিবার জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়। তারা অভিযুক্ত শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানিয়েছে। এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নারা লোকেশ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ” এই ধরণের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। অভিযুক্ত শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যসরকার এই কঠিন সময়ে ওই পরিবারের পাশে রয়েছে। ” মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।
![]()









