- - -

মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

 

মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও কৃষিপণ্য নিয়ে যাচ্ছিল একটি কার্গো বোট। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের এসব পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাসানচরের একটি টহল দল। অভিযানের সময় একটি সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল জব্দ করা হয়।

অভিযানকালে পাচারে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করা হয় এবং এ ঘটনায় জড়িত ছয়জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা সার ও কৃষিপণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় চোরাচালান ও সীমান্তপথে অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa