
নওগাঁর মান্দায় অটোরিকশার চার্জের প্লাগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালক নিহত
নওগাঁর মান্দায় অটোরিকশার চার্জের প্লাগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সফিজ উদ্দিন মোল্লা (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মান্দা সদর ইউনিয়নের পার-কালিকাপুর মাস্টারপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সফিজ উদ্দিন ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সফিজ উদ্দিন। এ সময় ঘরের ভেতর চার্জে থাকা অটোরিকশার প্লাগ খুলতে গেলে অসাবধানতাবশত শর্ট সার্কিট হয়ে বিদ্যুতায়িত হন তিনি। বিকট শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক এই মৃত্যুতে স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ও কোনো অভিযোগ না থাকলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
![]()









