
আইনজীবীদের পেশাগত কল্যাণে আমি নিবেদিত থাকবো— চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
আইনজীবীদের উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং তাদের সামগ্রিক কল্যাণে নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। তিনি জানান, চট্টগ্রামের আইনজীবীদের চেম্বার বা বসার স্থান সংকটের দ্রুত সমাধান করা হবে এবং প্রস্তাবিত স্থানে সম্ভব না হলে আশেপাশের যেকোনো উপযুক্ত স্থানে পেশাগত কাজ নির্বিঘ্নে পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে।
আজ ২৬ সেপ্টেম্বর শনিবার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত নবীন আইনজীবীদের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, সাধারণ মানুষকে সহজে আইনি সেবা দেওয়ার জন্য আইনজীবীদের একটি সুষ্ঠু কর্মপরিবেশ ও বসার জায়গা থাকা অত্যন্ত জরুরি। নিজে একজন আইনজীবী হিসেবে এই পেশার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, বিগত আওয়ামী সরকার দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত ছিল এবং পরবর্তী দুই বছরের অন্তর্বর্তীকালীন সরকারও অলসতার কারণে জনগুরুত্বপূর্ণ কোনো কাজ করতে পারেনি। প্রশাসনেও জনকল্যাণমূলক কাজের প্রতি চরম অমনোযোগিতা দেখা গেছে।
তিনি আরও বলেন, দেশবাসী বর্তমানে একজন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন আইনমন্ত্রী পেয়েছেন, যিনি জীবনের দীর্ঘ সময় আইন পেশায় নিয়োজিত ছিলেন। আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান আইন পেশাকে সবকিছুর ঊর্ধ্বে রাখেন এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে সাহসের সাথে আইনি লড়াই চালিয়েছিলেন। চট্টগ্রামের আইনজীবীদের বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে আইনমন্ত্রীর সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন তিনি।
একই সাথে, আইনজীবীদের ভবিষ্যৎ যাত্রা সহজ করার লক্ষ্যে এবং তারা যেন আইনি সেবার মাধ্যমে জনকল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারেন, সে বিষয়ে ভূমিকা রাখতে বারের নেতৃবৃন্দ ও আইনজীবী ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন। সম্পূর্ণ অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার।
![]()









