
বর্ষসেরা পুরস্কার পেল সীতাকুণ্ডের পলিইকো
পরিবেশবান্ধব শিল্পের প্রসারে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আজ ঢাকায় উদ্যোক্তা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রপ্তানিমুখী বহু প্রতিষ্ঠান মেলায় অংশ নেয় এবং তাদের পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন করে। পরিবেশসম্মত উৎপাদন ও বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রার ভিত্তিতে বর্ষসেরা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। পরিবেশবান্ধব কার্যক্রম ও উৎপাদনে এগিয়ে থাকায় আয়োজকরা পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দেশসেরা পুরস্কারে ভূষিত করেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে দেশসেরা উদ্যোক্তার পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ হাসান আলভি।
পুরুস্কার গ্রহণকালে তিনি বলেন, “পরিবেশবান্ধব কারখানা পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এসএমই ফাউন্ডেশন আমাকে সেরা উদ্যোক্তা (গ্রিন) পুরস্কারে ভূষিত করেছে। দেশের অব্যবহৃত বর্জ্য রিসাইক্লিংয়ের মাধ্যমে ব্যবহারোপযোগী করে তোলায় পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিও এগিয়ে যাচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে। তাই পরিবেশ রক্ষায় বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান গড়ে ওঠা খুবই জরুরি।”
তিনি আরও বলেন, “গত এক বছরে বর্জ্য রিসাইক্লিংয়ের মাধ্যমে ১৪,৪০০ মেট্রিক টন পণ্য উৎপাদন করা হয়েছে, যা ইউরোপ ও আমেরিকায় রপ্তানি হয়। আমাদের প্রতিষ্ঠান ইউরোপের প্লাস্টিক রিসাইক্লিং সনদ রিসাইক্লাস (মডিউল বি ও সি) অনুযায়ী পরিচালিত হচ্ছে। উৎপাদন বাড়াতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।”
![]()









