- - -

সিলেটে টেক্সটাইল রোডের উন্নয়নকাজ উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ​

img 20261128 wa0280
Print News

সিলেটে টেক্সটাইল রোডের উন্নয়নকাজ উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

​

​আগামী পাঁচ বছরের মধ্যে সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের মোট ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণ ও উন্নয়নকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সিটি করপোরেশনের মাধ্যমে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

​২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার রাতে সিলেট নগরীর মেজরটিলা থেকে সৈয়দপুর পর্যন্ত টেক্সটাইল রোডের আরসিসি সড়ক, উভয় পাশে ড্রেন ও ফুটপাত এবং বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সড়কটির উন্নয়নকাজের বিবরণ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি দুই ভাগে উন্নয়ন করা হচ্ছে। এর প্রথম পর্যায়ে ১ হাজার ৪৮০ মিটার, অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হয়েছে। আগে সড়কটির প্রস্থ ছিল ১৮ ফুট, যা বাড়িয়ে ৩০ ফুট করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৬৫০ মিটার ফুটপাত ও ড্রেন নির্মাণের কাজও শেষ হয়েছে।

​নগর উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার কয়েক দিন পর সিলেট সিটি কর্পোরেশন‌ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তিনি আমাকে একটি পরিসংখ্যান দিয়ে জানিয়েছিলেন, সিলেটের ৪২টি ওয়ার্ডে সর্বমোট প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে গত ৫৫ বছরে ৪০০ কিলোমিটারের কিছু বেশি সড়ক নির্মিত হয়েছে। আমাদের এখনকার চেষ্টা হলো, আরও ৫৫ বছর না লাগিয়ে আগামী পাঁচ বছরের মধ্যেই ৮০০ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন করা।”

​সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, সিটি করপোরেশন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রায় প্রতি সপ্তাহেই এক বা দুটি সড়ক উদ্বোধন করা সম্ভব হচ্ছে। সিলেট নগরীর উন্নয়নে একটি বড় প্রকল্প গ্রহণের চেষ্টা চলছে। এর মাধ্যমে চলতি শীত মৌসুম ও পরবর্তী সময়ে ব্যাপক উন্নয়নকাজ বাস্তবায়ন করে সম্প্রসারিত ও নতুন ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। এসব এলাকার অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সেগুলোকে প্রকৃত অর্থে নগরীর উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

​বক্তব্য শেষে মন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে টেক্সটাইল রোডের উন্নয়নকাজের উদ্বোধন করেন। পরে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন।

​সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিসিকের সচিব মো. আশিক নূর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa