- - -

লালগালিচা, অর্ধশতাধিক পদের খাবার আর সপরিবার সফর: নামফলকে বিভাগীয় কমিশনারের স্ত্রীর নাম, বিতর্ক

img 20261125 wa0038
Print News

লালগালিচা, অর্ধশতাধিক পদের খাবার আর সপরিবার সফর: নামফলকে বিভাগীয় কমিশনারের স্ত্রীর নাম, বিতর্ক

 

প্রশাসনিক সফরে রাজকীয় আতিথেয়তা, সপরিবারে আগমন, সর্বত্র লালগালিচা আর অর্ধশতাধিক পদের খাবারের আয়োজন—সব মিলিয়ে জমকালো এক আবহে রূপ নেওয়া শিবপুর সফর শেষ পর্যন্ত বিতর্ক আর ক্ষোভের জন্ম দিয়েছে। দুটি স্থাপনার উদ্বোধনী নামফলকে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া নামের পাশে স্ত্রীর নামে সমালোচনার ঝড় ওঠে। বিতর্কের মুখে স্থাপনা উদ্বোধন করেননি। এমনকি তাৎক্ষণিকভাবে নামফলকটি ভেঙে ফেলারও নির্দেশ দেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিভাগীয় কমিশনার বিলাসবহুল গাড়িবহর নিয়ে সপরিবারে শিবপুরে পৌঁছান। তার এই সফরকে ঘিরে উপজেলা প্রশাসন নেয় ব্যাপক জাঁকজমকপূর্ণ প্রস্তুতি। উপজেলা পরিষদ মাঠের অলিগলি থেকে শুরু করে প্রায় সবখানেই বিছানো হয় লালগালিচা। আপ্যায়নের টেবিলে রাখা হয় অর্ধশতাধিক পদের খাবার। সফর শেষে ফেরার পথে গাড়িতে করে দেশীয় ফল তুলে দেওয়ার মতো রাজকীয় সংবর্ধনার আয়োজনও চোখে পড়ে। প্রশাসনিক সফরে এমন আড়ম্বর, সপরিবার উপস্থিতি এবং বিপুল অর্থের ব্যয় নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন উঠেছে।

জানা যায়, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম এবং বর্তমানে পরিত্যক্ত একটি গাড়িকে ঐতিহ্যের স্মারক হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। গাড়িটি রাখার জন্য নির্মিত টিনশেড স্থাপনার নাম দেওয়া হয় ‘ঐতিহ্য’। পাশাপাশি স্থাপন করা হয় ‘জলতরঙ্গ’ নামের আরেকটি স্থাপনা। এই দুটি স্থাপনার উদ্বোধনী নামফলকে বিভাগীয় কমিশনারের নামের পাশে তার স্ত্রীর নাম যুক্ত করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।

এ বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া বলেন, নরসিংদীতে এটি তার কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হঠাৎ করেই এই ফলক উদ্বোধনের আমন্ত্রণ জানান। কিন্তু ফলকে নিজের নামের পাশে স্ত্রীর নাম দেখতে পেয়ে তিনি ক্ষুব্ধ হন এবং উদ্বোধন না করেই সেখান থেকে চলে আসেন। একই সঙ্গে ফলকটি ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি। পরে পূর্বনির্ধারিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিভাগীয় কমিশনার।

অন্যদিকে, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টিকে ‘তেমন কিছুই নয়’ বলে মন্তব্য করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa