
টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ৩
কক্সবাজারের টেকনাফে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) ও মো. রমিজ (১৮)।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
![]()









